পড়াশোনা করতে চায়নি বোন, অভিমান করে ছাদের দড়িতে ঝুলে পড়ল চতুর্থ শ্রেণির ছাত্র!

উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সামান্য অভিমান ও রাগের বশে ১১ বছরের চতুর্থ শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিবারের ছোট্ট একটি কথায় আঘাত পেয়ে চরম পদক্ষেপ নিয়েছে শিশুটি।
মাজহোলা থানার রামতালাইয়া চৌকি এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির পরিবার মূলতো উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার বাসিন্দা হলেও গত ২০ বছর ধরে মোরাদাবাদে ভাড়া বাসায় থাকছে। তার বাবা স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার রাতে শিশুটি ছাদে খেলতে গিয়েছিল। তার সাথে বোনও ছিল, কিন্তু কিছুক্ষণ পর বোন পড়াশোনার কথা বলে ঘরে ফিরে আসে। শিশুটি বোনকে ফের ছাদে ডেকে পাঠালেও সে রাজি হয়নি। এরপর সে নিজে নিচে এসে মাকে ডাকলে মা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকায় পরে আসার কথা জানান। এই ছোট ঘটনাটিতেই প্রচণ্ড অভিমান করে সে একাই ছাদে চলে যায় এবং গলায় ফাঁস লাগিয়ে নেয়।
রাত প্রায় এগারোটার দিকে মা ছেলেকে ঘুমানোর জন্য ডাকতে ছাদে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার করে ওঠেন। প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত দড়ি কেটে তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ছাদের দেয়াল ও কাপড় শুকানোর দড়ির উচ্চতা খুব কম হওয়ায় এই মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা সন্দেহ দানা বেঁধেছে। এত কম উচ্চতা থেকে কীভাবে একটি শিশু আত্মহত্যা করতে পারে, তা খতিয়ে দেখছে মাজহোলা থানা ও ফরেনসিক টিম। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ সব দিক খতিয়ে দেখছে।