বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই হাঁটুর বয়সী নায়িকাকে জন্মদিনের খোলা বার্তা রণজয়ের! যা দেখে ফের শুরু জোর চর্চা

ব্যক্তিগত জীবন নিয়ে টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা রণজয় বিষ্ণু। গত মাসেই খবর এসেছিল, শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তাঁর বিয়ের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-র দিনই তাঁরা সাত পাকে বাঁধা পড়েছিলেন। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সেই সংসার ভাঙার গুঞ্জন শুরু হয়। আর এই পরিস্থিতির মাঝেই অভিনেত্রী অভিকা মালাকারের জন্মদিনে রণজয়ের প্রকাশ্যে পাঠানো বিশেষ শুভেচ্ছা বার্তা নতুন করে শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়।
অভিকার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে রণজয় লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে ছুটি মালাকার। খুব ভালো থাক, সুস্থ থাক। আরো ভালো কাজ কর। এটা সবেমাত্র শুরু। সবসময় নিজের দর্শকের প্রতি কৃতজ্ঞ থাকবি।’ এর পাশাপাশি অভিকার উদ্দেশে তিনি আরও লেখেন, ‘বিনম্র থাক, লক্ষ্যে অবিচল থাক… নিজের লক্ষ্য অর্জন কর… আর গড়ে তোল তোর নিজস্ব এক সাম্রাজ্য।’ শেয়ার করা ছবিগুলোতে দেখা গিয়েছে, ‘প্রতিজ্ঞা’ সিরিয়ালের সেটে কলাকুশলীদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করছেন অভিকা, যার মুখে লেগে রয়েছে কেকের ক্রিম।
উল্লেখ্য, এর আগে রণজয় ও শ্যামৌপ্তির সম্পর্কে ভাঙনের খবর চাউর হওয়ার পর তাঁদের জুটির সঙ্গে নাম জড়ায় কমবয়সি নায়িকা অভিকা মালাকারের। সোশ্যাল মিডিয়ায় রণজয় ও অভিকার অন-স্ক্রিন রসায়ন জনপ্রিয়তা পাওয়ায় ট্রোলের মুখেও পড়তে হয়েছিল তাঁদের। সেই সময় এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন রণজয়। কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, কেউ যদি সত্যিই সম্পর্কে জড়াতেন, তবে কি তিনি প্রকাশ্যে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেন? রণজয়ের সেই ক্ষোভ প্রকাশের রেশ কাটতে না কাটতেই জন্মদিনের এই নতুন পোস্ট ফের আলোচনার খোরাক জোগাল নেটিজেনদের একাংশের কাছে।