পাহাড়ে যাওয়ার স্বপ্ন কি ভাঙবে? রেললাইনে ধসের জেরে বাতিল একের পর এক ট্রেন, রুট বদলও!

ভারী বৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় এবং বিদ্যুতের পোস্ট হেলে যাওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর জেরে গত বৃহস্পতিবার থেকেই ব্যাহত হয়েছে রেল পরিষেবা, যার প্রভাব আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বরও বজায় রয়েছে। পরিস্থিতি সামাল দিতে রেলের তরফে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করার পাশাপাশি কিছু ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে।

আজ ৪ সেপ্টেম্বর যে সমস্ত ট্রেন বাতিল রয়েছে:

  • ১২০৪১/১২০৪২ হাওড়া–নিউ জলপাইগুড়ি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস

  • ১৩১৬১ কলকাতা–বালুরঘাট তেভাগা এক্সপ্রেস

  • ১৩০১১ হাওড়া–মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস

  • ১৩১৪১ শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস

  • ১৩৪৬৫/১৩৪৬৬ হাওড়া–মালদা টাউন–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস

  • ৫৩০২৮ মালদা টাউন–আজিমগঞ্জ প্যাসেঞ্জার

এছাড়া গতকাল বৃহস্পতিবারও শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল এবং শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসের মতো বহু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছিল।

রুট বদল হয়েছে যে ট্রেনের: আজ ১৩৪২৯ মালদা টাউন–আনন্দ বিহার টার্মিনাল সাপ্তাহিক এক্সপ্রেস তার নির্ধারিত রুটে না গিয়ে একলক্ষ্মী–কুমেদপুর–কাটিহার–মানসি–মুঙ্গের–কিউল হয়ে ঘুরপথে চলাচল করবে।

উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ থাকায় পর্যটক ও সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। বিকল্প মাধ্যম হিসেবে বাসের ওপর চাপ বাড়ায় ধর্মতলাসহ বিভিন্ন স্ট্যান্ডে টিকিটের জন্য শুরু হয়েছে হাহাকার। অভিযোগ উঠেছে, এই সুযোগে বাস মালিকরা স্বাভাবিক ভাড়ার তুলনায় ৩ থেকে ৪ গুণ বেশি দাম নিচ্ছেন। এমনকি অতিরিক্ত টাকা দিতে চাইলেও অনেক ক্ষেত্রে টিকিট মিলছে না। রেল সূত্রে লাইন ও বিদ্যুতের পোস্ট মেরামতের কাজ দ্রুত চলছে বলে জানানো হলেও, পরিষেবা কবে পুরোপুরি স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে যাত্রীদের অপেক্ষা করা ছাড়া আপাতত কোনো উপায় নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *