প্রথমবার প্রিলিমসেই ফেল, মা সেলাই করে পড়াতেন! আজ দেশের কড়া IPS অফিসার অনু বেনিওয়ালের অবিশ্বাস্য লড়াই

সাফল্যের গল্পে শেষের জয়টা যতটা চোখে পড়ে, তার পিছনের লড়াইটা অনেক সময় তার থেকেও অনেক বেশি কঠিন হয়। আইপিএস (IPS) অনু বেনিওয়ালের জীবনও ঠিক তেমনই এক অদম্য সংগ্রামের ইতিহাস। সাধারণ পরিবারের মেয়ে, বাবার অসুস্থতা, সংসারে আর্থিক টানাপোড়েন আর মায়ের ঘরে বসে সেলাই করে সংসার চালানো—সব প্রতিকূলতাকে জয় করে আজ তিনি সফল। বারবার ইউপিএসসি (UPSC)-তে ধাক্কা খেয়েও শেষ পর্যন্ত নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি।

১৯৯২ সালের ২৬ এপ্রিল দিল্লির পিতমপুরায় জন্ম অনু বেনিওয়ালের। তাঁর বাবা সঞ্জয় কুমার একসময় ছোট একটি ব্যবসা চালালেও গুরুতর অসুস্থতার কারণে তা বন্ধ হয়ে যায়। আর্থিক অনটনের কারণে তাঁর বাবা নিজের পড়াশোনা শেষ করতে না পারলেও সন্তানদের শিক্ষায় কোনও ঘাটতি রাখেননি। সংসারের কঠিন সময়ে অনুর মা বাড়িতে বসে স্যুট সেলাই করে সংসারের খরচ এবং মেয়ের পড়াশোনার টাকা জোগাড় করতেন। অনুর প্রস্তুতির সময় তাঁর বাবা হৃদরোগ ও শ্রবণজনিত সমস্যায় এবং মা স্নায়ুর সমস্যায় ভুগছিলেন, তবুও পরিবার মেয়ের পড়াশোনার সঙ্গে কখনই আপস করেনি।

দিল্লির হিন্দু কলেজ থেকে বিএসসি ও এমএসসি করার পর ন্যানো সায়েন্সে গবেষণা করছিলেন অনু। কিন্তু পরে জীবনের লক্ষ্য বদলে তিনি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। ২০১৮ সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসে প্রিলিমসই পেরোতে পারেননি তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় প্রিলিমস পার করলেও মূল তালিকায় নাম ওঠেনি। তৃতীয়বার অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৬৩৮ পেলেও কাঙ্ক্ষিত পদ না মেলায় থেমে থাকেননি অনু। অবশেষে ২০২২ সালের চতুর্থ প্রচেষ্টায় অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ২১৭ অর্জন করে আইপিএস (IPS) অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি এবং মধ্যপ্রদেশ ক্যাডার পান।

বর্তমানে মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (Additional SP) পদে কর্মরত অনু বেনিওয়াল সম্প্রতি একটি ট্রাফিক চেকিং অভিযানের সময় গাড়িচালকের অবৈধ প্রভাব খাটানোর চেষ্টা রুখে দিয়ে রাতারাতি শিরোনামে আসেন। তাঁর এই দীর্ঘ লড়াই প্রমাণ করে যে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, লক্ষ্য পরিষ্কার থাকলে এবং ধারাবাহিক চেষ্টা চালিয়ে গেলে ব্যর্থতা কখনওই শেষ কথা হতে পারে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *