“মাত্র ১০ টাকায় প্রিমিয়াম আইসক্রিম!”-কোল্ড ড্রিংকসের পর ফের বাজারে বড় চমক মুকেশ অম্বানির

নরম পানীয়ের বাজারে ‘ক্যাম্পা কোলা’ এনে হইচই ফেলে দেওয়ার পর, এবার সরাসরি আইসক্রিমের বাজারে পা রাখল মুকেশ অম্বানির সংস্থা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এফএমসিজি শাখা ‘রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড’ (RCPL) ‘বম্বে ক্রিমারি’ (Bombay Creamery) নামে একটি নতুন ব্র্যান্ড নিয়ে বাজারে প্রবেশ করেছে। দেশের প্রায় ২০ হাজার কোটি টাকার আইসক্রিম বাজারকে টার্গেট করে এই মাস্টারস্ট্রোক দিয়েছে অম্বানির সংস্থা।

কোম্পানির তরফে জানানো হয়েছে, ‘বম্বে ক্রিমারি’-কে সস্তা অথচ প্রিমিয়াম ডেইরি ব্র্যান্ড হিসেবে ক্রেতাদের সামনে তুলে ধরা হচ্ছে। এই আইসক্রিম তৈরিতে কোনো কৃত্রিম শর্টকাট না নিয়ে খাঁটি ডেইরি উপাদান এবং প্রাকৃতিক স্বাদ বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। কোন, কাপ, টাব, বার থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের স্টিক আইসক্রিম— সব ধরনের বৈচিত্র্য থাকছে এই ব্র্যান্ডের পোর্টফোলিওতে।

মাত্র ১০ টাকা থেকে শুরু দাম

সবচেয়ে বড় আকর্ষণ হলো এই আইসক্রিমের দাম। মাত্র ১০ টাকা থেকে শুরু হচ্ছে বম্বে ক্রিমারির বিভিন্ন প্রোডাক্টের দাম। কম দামে সাধারণ মানুষের হাতে আন্তর্জাতিক মানের প্রিমিয়াম আইসক্রিম তুলে দেওয়াই সংস্থার মূল লক্ষ্য। এর আগে ক্যাম্পা কোলা এবং ২০০ মিলিলিটারের পানীয় জলের বোতল ১০ টাকায় বাজারে এনে যেমন বাজিমাত করেছিল রিলায়েন্স, এবার আইসক্রিমের ক্ষেত্রেও সেই একই ফর্মুলা প্রয়োগ করা হয়েছে। দেশের প্রতিটি কোণায় থাকা ছোটখাটো ক্রেতাদের কাছে পৌঁছতেই এই ১০ টাকার সেগমেন্টকে হাতিয়ার করেছে রিলায়েন্স।

কোথায় পাওয়া যাবে এই আইসক্রিম?

রিলায়েন্সের সুবৃহৎ দেশজোড়া ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং রিটেল ব্যবসার সুবিধা কাজে লাগিয়ে প্রথম পর্যায়ে পশ্চিম ভারতের বাজারে এই আইসক্রিম লঞ্চ করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের অন্যান্য রাজ্যেও এটি ছড়িয়ে দেওয়া হবে। রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ডিরেক্টর টি কৃষ্ণকুমার স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এই ব্যবসায় নেমেছে সংস্থা।

উল্লেখ্য, এর আগে অম্বানি পরিবারের অন্য একটি উদ্যোগেও প্রিমিয়াম ডেজার্ট সেগমেণ্টে ‘ভান্তারা ক্রিমারি’ লঞ্চ করা হয়েছিল। তবে বম্বে ক্রিমারির হাত ধরে মুকেশ অম্বানির এফএমসিজি সাম্রাজ্য যে খাদ্য ও পানীয়ের বাজারে আরও বেশি আগ্রাসী রূপ নিল, তা বলাই বাহুল্য। কোকাকোলা, পেপসিকো বা হাভমোর ও আমুলের মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলির ভিড়ে রিলায়েন্সের এই নতুন আইসক্রিম কতটা দাপট দেখায়, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *