চা ছাঁকনির ময়লা কিছুতেই উঠতে চায় না? জলের সঙ্গে এই দুটি জিনিস মিশিয়ে নিমেষেই করুন নতুনের মতো চকচকে!

প্রতিদিনের রান্নাবান্না থেকে শুরু করে সকালের এক কাপ চা—রান্নাঘরে চা ছাঁকনির প্রয়োজনীয়তা অপরিসীম। শুধু চা ছাঁকাই নয়, ছানা থেকে জল ঝরানো কিংবা নানা কাজে ব্যবহার করা হয় এই ছোট্ট জিনিসটি। বাজারে বিভিন্ন ধরনের প্লাস্টিক কিংবা স্টিলের ছাঁকনি পাওয়া গেলেও, সেগুলি নিয়মিত পরিষ্কার করা এক বড় ঝক্কির ব্যাপার।
প্রতিদিন চা ছাঁকতে ছাঁকতে ছাঁকনির সূক্ষ্ম জালের ফাঁকগুলিতে চা পাতা ও ময়লা জমে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। ময়লা সহজে বের করতে না পেরে অনেকে বাধ্য হয়ে পুরনো ছাঁকনি ফেলে দিয়ে নতুন কিনে নেন। তবে সামান্য কিছু সহজ ঘরোয়া উপায় জানা থাকলে পুরনো ছাঁকনিকেই নিমেষে নতুনের মতো ঝকঝকে করে তোলা সম্ভব।
ছাঁকনি পরিষ্কার করার দারুণ কয়েকটি পদ্ধতি জেনে নিন:
বেকিং সোডা ও ভিনিগার: একটি পাত্রে জল ফুটিয়ে তাতে পরিমাণমতো ভিনিগার, বেকিং সোডা এবং লিকুইড সোপ বা বাসন মাজার সাবান মিশিয়ে দিন। এবার নোংরা ছাঁকনিটি ওই ফুটন্ত জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর দেখবেন সমস্ত জমে থাকা ময়লা ও তেলতেলে ভাব সহজেই বেরিয়ে গেছে।
পুরনো টুথব্রাশের ব্যবহার: ছাঁকনির জাল পরিষ্কার করার জন্য একটি পুরনো টুথব্রাশ ব্যবহার করতে পারেন। ব্রাশে সামান্য সাবান লাগিয়ে ছাঁকনির জালের ওপর হালকা হাতে ঘষতে থাকুন। জালের ফাঁকে আটকে থাকা এক জেদি ময়লাও ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে।
আগুনের শেক (স্টিল ছাঁকনির জন্য): আপনার ছাঁকনিটি যদি স্টিলের হয়, তবে আরও একটি অত্যন্ত সহজ উপায় অবলম্বন করতে পারেন। গ্যাসের ওভেন জ্বালিয়ে লো ফ্লেমে আগুনের ওপর ছাঁকনিটি কিছুক্ষণ ধরে রাখুন। এর ফলে জমে থাকা শুকনো ময়লা পুড়ে ছাই হয়ে ঝরে যাবে এবং ছাঁকনিটি হয়ে উঠবে একদম ঝকঝকে।