পুরোনো গাড়ি চালকদের জন্য বড় স্বস্তি! E-20 পেট্রোল সরাতে আসরে নামল BPCL, জানুন আসল সত্যিটা

ই-২০ পেট্রোল বিতর্ককে কেন্দ্র করে চলা সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)। পুরনো গাড়ির মালিকদের কথা মাথায় রেখে পেট্রোল পাম্পে E-20 এর পরিবর্তে পুনরায় E-10 জ্বালানি ফিরিয়ে আনার খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে BPCL পরিষ্কার জানিয়ে দিয়েছে, E-20 এর পরিবর্তে পাম্পে শুধুমাত্র E-10 রাখার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের তরফে কেবল প্রাথমিক আলোচনা শুরু হয়েছে, যাতে পুরনো গাড়িচালকদের স্বস্তি দিতে E-20 এর পাশাপাশি E-10 এর বিকল্প রাখা যায়।

দেশের দ্বিতীয় বড় খুচরো জ্বালানি সরবরাহকারী এই কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় খন্না স্পষ্ট করেছেন, সরকার যদি নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তবে তাদের পরিচালনগতভাবে ই-10 আনতে কোনো সমস্যা হবে না। তবে এর অর্থ এই নয় যে E-20 এর ব্যবহার পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। বর্তমানে E-20 পেট্রোলই ভারতের আদর্শ জ্বালানি হিসেবে বহাল থাকছে এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গাড়ি-মালিকদের।

মূলত ২০২৩ সালের আগের ৭০-৮০ মিলিয়ন বাইক এবং পুরনো গাড়িগুলি E-10 জ্বালানির উপযোগী করে তৈরি হয়েছিল। চালকদের অভিযোগ ছিল, E-20 পেট্রোলে থাকা উচ্চমাত্রার ইথানল পুরনো গাড়ির রাবার পাইপ, ফুয়েল লাইন ও ইঞ্জিনের সিলের ক্ষতি করছে এবং মাইলেজও কমিয়ে দিচ্ছে। এই সমস্যার কথা মাথায় রেখেই বিকল্প হিসেবে E-10 ফেরানোর কথা ভাবা হলেও, এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। ফলে বর্তমান পরিস্থিতির পরিবর্তন নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *