মহালয়ার আগেই চরম বিতর্ক! স্টার জলসার দুর্গা রূপে শুভশ্রীকে দেখেই কেন ক্ষোভে ফেটলেন নেটিজেনরা?

বেজে গিয়েছে পুজোর বাদ্যি। মা দুর্গা মর্তে আসার দিন গোনা শুরু, আর তার সঙ্গেই গোটা বাংলার মানুষের মন মজেছে উৎসবের আমেজে। শারদোৎসবের এই কাউন্টডাউনের মাঝেই মহালয়া ২০২৬-এর প্রথম ঝলক বা প্রোমো সামনে এনে শোরগোল ফেলে দিল স্টার জলসা। আসন্ন এই বিশেষ মহালয়া অনুষ্ঠানের নাম ‘রূপ রূপান্তরে মহিষাসুরমর্দিনী’। আর সেই প্রোমো প্রকাশ্যে আসতেই একদিকে যেমন প্রশংসার জোয়ার বইছে, তেমনই অন্যদিকে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও ট্রোলিং।
স্টার জলসার মহালয়ায় কারা রয়েছেন?
প্রকাশিত প্রোমোর শুরুতেই দেবী দুর্গার রূপের দীপ্তিতে নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এর পরেই পদ্মে বিরাজমান হিয়া এবং নীলবসনা পোশাকে দেখা মিলেছে সুস্মিতা দের। পাশাপাশি অন্যান্য বিভিন্ন লৌকিক ও পৌরাণিক রূপে ঝিলিক দিতে দেখা গেছে স্বস্তিকা দে এবং তৃণা সাহা সহ একাধিক পরিচিত নায়িকাদের। স্টার জলসার এই মহালয়ার প্রথম ঝলক দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, “সত্যি মহালয়ার ঝলক এলেই মনে হয় পুজো এসে গিয়েছে।” আরেক জন লিখেছেন, “পুজো আসলেই মনটা ভালো হয়ে যায়। এই দিনগুলো কী যে ভালো লাগে।”
শুভশ্রীকে ঘিরে বিতর্ক ও দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া
গত কয়েক বছর ধরে স্টার জলসার মহালয়ায় দুর্গার চরিত্রে কোয়েল মল্লিককে দেখতে অভ্যস্ত ছিলেন দর্শকরা। কিন্তু এবার সেই চিরচেনা ট্রেন্ড ভেঙে কোয়েলের জায়গায় দেবী দুর্গার আসনে অবতীর্ণ হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর এখানেই দানা বেঁধেছে বিতর্ক।
শুভশ্রীকে দুর্গারূপে সামনে আনায় একাংশ দর্শক একেবারেই খুশি নন। এক অনুরাগী কমেন্ট বক্সে লিখেছেন, “শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একঘেয়ে লাগে। আমি ওর ভক্ত, ওর অভিনয়ও ভালো লাগে। কিন্তু প্রতি বছর হয় জি বাংলা, নয় স্টার জলসায় শুভশ্রীকেই দেবী দুর্গা করা হয়। একটু অন্য কাউকে দিয়ে করালে দর্শকদের কাছেও তা অনেক বেশি ফ্রেশ লাগে।” কেউ কেউ আবার পুরনো স্মৃতি হাতড়ে লিখেছেন, “কোয়েলদি-ই সেরা।” অন্য একটি মহলে আবার স্বস্তিকা দের অভিনয় নিয়ে তীব্র সমালোচনা শোনা গেছে, যেখানে এক নেটিজেন লিখেছেন, “এখানেও ওভার অ্যাক্টিং করছে স্বস্তিকা। আর সহ্য করা যায় না।” তবে এর বিপরীতে সুস্মিতার লুক দেখে তাঁর অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কারা?
মহালয়ার এই মহানাট্যে অসুর বধের মূল পর্বে অসুর রূপে দেখা যাবে ‘পরশুরাম’ ধারাবাহিকের খলনায়ক ‘বিজিত’-খ্যাত অভিনেতা সায়ন কর্মকারকে। অন্যদিকে, দেবাদিদেব মহাদেবের অর্থাৎ শিবের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণুকে। কোয়েল মল্লিকের পরিবর্তে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেবী দুর্গার আসনে বসিয়ে স্টার জলসা দর্শকদের কতটা মন জয় করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।