৬০ পেরোলেই আর বাসের টিকিট কাটার ঝামেলা নেই! উত্তরপ্রদেশের প্রবীণ মহিলাদের জন্য বিরাট উপহার যোগী সরকারের

নির্বাচনী প্রতিশ্রুতি পালনের পথে আরও এক ধাপ এগিয়ে বড় পদক্ষেপ করল উত্তর প্রদেশ সরকার। এবার রাজ্যের প্রবীণ মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের ঐতিহাসিক সিদ্ধান্ত নিল যোগী প্রশাসন। সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ক্যাবিনেট বৈঠকে ‘লোকমাতা অহল্যাবাই মাতৃশক্তি যোজনা’ চালুর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

কী এই নতুন যোজনা?
নতুন এই প্রকল্প অনুযায়ী, উত্তরপ্রদেশের ৬০ বছর বা তার বেশি বয়সি সমস্ত প্রবীণ মহিলা এবার থেকে রাজ্য সরকারের বাসগুলিতে সম্পূর্ণ নিখরচায় যাতায়াত করতে পারবেন। মূলত গ্রামাঞ্চল বা ছোট শহরের যে সমস্ত মহিলারা যাতায়াতের জন্য পুরোপুরি গণপরিবহনের ওপর ভরসা করেন, তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে চিকিৎসা কিংবা প্রাত্যহিক যাতায়াতের ক্ষেত্রে প্রবীণ মহিলাদের ওপর থেকে যাতায়াতের আর্থিক বোঝা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

উপভোক্তা ও আর্থিক বরাদ্দ
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, উত্তরপ্রদেশে বর্তমানে প্রায় এক কোটিরও বেশি ষাটোর্ধ্ব প্রবীণ মহিলা রয়েছেন। এই স্বপ্নের প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৮৮ হাজারেরও বেশি মহিলা সরাসরি উপকৃত হবেন। এই বিশাল সংখ্যক যাত্রীর বিনামূল্যে যাতায়াত নিশ্চিত করতে রাজ্য সরকারের প্রতি মাসে আনুমানিক ২২.৫৫ কোটি টাকা খরচ হবে।

কীভাবে মিলবে এই সুবিধা?
প্রকল্পটি স্বচ্ছভাবে পরিচালনা করতে এবং শুধুমাত্র যোগ্য মহিলারা যাতে এর সুফল পান, তা নিশ্চিত করতে উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষ থেকে একটি বিশেষ ‘স্মার্ট কার্ড’ ইস্যু করা হবে। তবে যতদিন না পর্যন্ত এই স্মার্ট কার্ড পুরোপুরি চালু হচ্ছে, ততদিন মহিলারা তাঁদের ভোটার আইডি কার্ড বা অন্য যে কোনো বৈধ সরকারি পরিচয়পত্র দেখিয়েই বাসে বিনামূল্যে যাতায়াত করার সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *