১০ বছর পর বড় পর্দায় কামব্যাক! মহাতারকাদের চমক দিয়ে আসছে বহুল প্রতীক্ষিত ‘সাহেব বিবি গোলাম ২’

২০১৬ সালে মুক্তি পেয়েছিল থ্রিলার ঘরানার ছবি ‘সাহেব বিবি গোলাম’। নতুন এক পরিচালকের সেই ছবি মুক্তির পর থেকেই দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। এরপর আর প্রতিম ডি গুপ্তকে পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক প্রশংসিত সিনেমা ও সিরিজ উপহার দিয়ে তিনি নিজেকে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল পরিচালক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তবে কেরিয়ারের শুরুর দিকের সেই ছবির নস্ট্যালজিয়া কাটেনি আজও। আর সেই স্মৃতি উসকেই পরিচালক দর্শকদের পুজোর আগেই দিলেন দারুণ এক উপহার। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন বহুল প্রতীক্ষিত ছবি ‘সাহেব বিবি গোলাম ২’।
বুধবার, ২৬ আগস্ট সোশ্যাল মিডিয়ায় একটি নতুন পোস্টার শেয়ার করেন পরিচালক। সেখানে দেখা মিলেছে তিনটি রহস্যঘেরা চরিত্রের—এক মহিলা পুলিশ অফিসার, হাতে বন্দুক নেওয়া এক ব্যক্তি এবং এক ডেলিভারি বয়। পোস্টারে লেখা রয়েছে, ‘একটি বুলেট, তিনটি জীবন এবং কোনও দ্বিতীয় টেক নেই।’ এই পোস্টার শেয়ার করেই প্রতিম ডি গুপ্ত জানান যে আসছে নতুন অধ্যায়। ছবির গল্প তাঁর নিজেরই লেখা এবং তিনিই পরিচালনা করছেন। যদিও ছবিটির মুক্তির তারিখ কিংবা কাস্টে কারা থাকছেন, সে বিষয়ে এখনও পাকাপাকিভাবে কিছু জানাননি পরিচালক।
পোস্টার শেয়ার করে নিজের স্মৃতির পাতা উলটে প্রতিম লেখেন, “আজ থেকে ঠিক ১০ বছর আগে, ২৬ আগস্ট, ২০১৬-এ মুক্তি পেয়েছিল ‘সাহেব বিবি গোলাম’। আমি যখন ওই ছবির কাজ শুরু করি, তখন আমি একজন সাংবাদিক ছিলাম। কিন্তু ছবিটি শেষ হওয়ার পরই সাংবাদিকতার চাকরি ছেড়ে পুরোপুরি সিনেমা নির্মাণে মন দিই। ছবিটি যে ভালোবাসা ও সম্মান পেয়েছিল, সেটাই আমাকে বিশ্বাস করিয়েছিল যে আমি বড়পর্দায় ভালো গল্প বলতে পারি।”
তিনি আরও লেখেন, “১০ বছর পর, আবারও সময় এসেছে সেই ওয়াইল্ড এবং এক্সাইটিং দুনিয়ায় ফিরে যাওয়ার, যেখানে একাধিক জীবন এসে মিলিত হয়। আরও একবার একটি বুলেট ছোঁড়া হবে, আরও একবার তিনটি জীবন আমূল বদলে যাবে। কিছু গল্প শেষ হয়, কিছু গল্প আপনার পিছু ছাড়ে না।”
উল্লেখ্য, ফিরদৌসল হাসান এবং প্রবাল হালদারের প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে এই নতুন ছবি। এর আগের পর্বে স্বস্তিকা মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, পার্নো মিত্র এবং অঞ্জন দত্তের মতো প্রথিতযশা অভিনেতারা অভিনয় করেছিলেন। এখন দেখার সিকুয়েলে কোন তারকারা সিলভার স্ক্রিন মাতাতে আসেন।