চার বছর পর রুপোলি পর্দায় যশের কামব্যাক, রিলিজের দিনেই ‘টক্সিক’ নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ায় তোলপাড় নেটপাড়া

প্রায় চার বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় মুক্তি পেল অভিনেতা যশের নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারাইটেল ফর গ্রোন-আপস’ (Toxic: A Fairytale for Grown-Ups)। বিশ্বজুড়ে ব্যাপক হাইজ এবং ৫০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই ছবিটি সেন্সর বোর্ড থেকে ‘এ’ (A) সার্টিফিকেট পাওয়ার পরেও বক্স অফিসে ভালো ব্যবসার আশা জাগিয়েছিল। তবে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির পরই দর্শকদের কাছ থেকে মিলছে মিশ্র প্রতিক্রিয়া।

সোশ্যাল মিডিয়া ও এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে ছবিটির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার পর থেকেই দর্শকরা নিজেদের মতামত ভাগ করে নিচ্ছেন। নেটিজেনদের একটি বড় অংশ ছবিটির দুর্বল চিত্রনাট্য এবং ধীরগতির পেসিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এক দর্শকের মতে, ছবির ভিজ্যুয়াল ও অ্যাকশন দৃশ্য ভালো হলেও লেখার দুর্বলতা এবং ছন্নছাড়া চিত্রনাট্য পুরো ছবিটির মুড নষ্ট করে দিয়েছে। এমনকি অনেকের মতে, ছবির আবেগ দর্শকের মনে দাগ কাটতে ব্যর্থ হয়েছে এবং এর ক্লাইম্যাক্স অত্যন্ত হতাশাজনক।

তবে এর বিপরীতে অন্য একটি পক্ষ ছবিটির পক্ষেও সওয়াল করেছে। কেউ কেউ যশের দুর্দান্ত এন্ট্রি এবং কিয়ারা আডবাণীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করে একে ব্লকবাস্টার তকমা দিতেও পিছপা হননি। তাদের দাবি, যশ এবং কিয়ারার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন কেড়েছে এবং এটি বক্স অফিসের পুরনো রেকর্ড ভেঙে দিতে পারে।

গীতু মোহান্দাস পরিচালিত এই ছবিতে যশ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি কিয়ারা আডবাণী, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি এবং রুক্মিণী বসন্তের মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির প্রথম দিনের অ্যাডভান্স বুকিংয়ে ভারতে প্রায় ৪৯ কোটি টাকার ব্যবসা হয়েছে। তবে প্রথম দিনের মিশ্র প্রতিক্রিয়ার পর এই ছবি শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা টিকতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

৪ বছর পর যশের এই কামব্যাক ছবি ঘিরে আপনার প্রত্যাশা কী ছিল? ছবিটি দেখার পরিকল্পনা করছেন কি? কমেন্ট করে জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *