প্যাকেজিংয়ে ‘১০০%’ লেখা নিয়ে বড় বিপাকে আইটিসি! লাইসেন্স বাতিলের নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে বড় স্বস্তি

প্যাকেজিংয়ে ‘১০০%’ (100%) শব্দটির ব্যবহার ঘিরে তৈরি হওয়া বিতর্কে বড় স্বস্তি পেল দেশের অন্যতম বৃহত্তম এফএমসিজি কোম্পানি আইটিসি (ITC)। তাদের অত্যন্ত জনপ্রিয় পণ্য ‘আশীর্বাদ শুদ্ধ চাক্কি আটা’-র মোড়কে এই নির্দিষ্ট শব্দটি ব্যবহারের জেরে লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছিল খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (FSSAI)। তবে শুক্রবার দিল্লি হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থা কোনো চূড়ান্ত পদক্ষেপ বা লাইসেন্স বাতিল করতে পারবে না।
আদালতের কড়া নির্দেশ ও নোটিশ
দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বরণ কান্ত শর্মার বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত আগামী ৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ততদিন পর্যন্ত FSSAI-কে কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এবং অন্যান্য বিবাদীদের নোটিশ পাঠিয়ে জবাব তলব করেছে আদালত।
পুরো বিতর্ক ও আইটিসির যুক্তি
গত ২৮ মে FSSAI একটি নির্দেশিকা জারি করে সমস্ত খাদ্য প্রস্তুতকারী সংস্থাকে তাদের লেবেল, প্যাকেজিং বা বিজ্ঞাপনে “১০০%” শব্দটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল। এর ভিত্তিতে গত ১০ আগস্ট আইটিসিকে কারণ দর্শানোর নোটিশ এবং ১৩ আগস্ট প্যাকেজিং থেকে ওই শব্দ অপসারণের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
আইটির পক্ষে আইনজীবী রোহিত শর্মা আদালতে সওয়াল করেন যে, নিয়ন্ত্রক সংস্থার এই নির্দেশ সম্পূর্ণ স্বেচ্ছাচারী। খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ মেনেই কোম্পানিগুলি ব্যবসা পরিচালনা করে, অথচ আইনের বাইরে গিয়ে এই পরামর্শ চাপানো হয়েছে। তাছাড়া ২০২০ সালের লেবেলিং বিধি কিংবা ২০১৮ সালের বিজ্ঞাপন বিধিতে কোথাও “১০০%” শব্দটি নিষিদ্ধ করা হয়নি। অন্যদিকে, FSSAI আদালতের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেও আদালত উভয় পক্ষকেই এই বিষয়ে সংক্ষিপ্ত নোট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এখন আগামী ৯ সেপ্টেম্বরের শুনানির দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।