‘সব ওবিসি-র সর্বনাশ হবে!’ জাতগণনার ফর্ম নিয়ে সরাসরি মোদীকে মোক্ষম চিঠি খাড়গে-রাহুলের

দেশের চলমান জাতিগত আদমশুমারি প্রক্রিয়া এবং প্রশ্নমালার পদ্ধতি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। দুই নেতারই দাবি, বর্তমান শুমারির জন্য যে ‘উন্মুক্ত প্রশ্ন পদ্ধতি’ (Open-ended question format) বা খোলা প্রশ্ন উত্তর বেছে নেওয়া হয়েছে, তাতে জাতের সঠিক ও নির্ভুল গণনা করা অসম্ভব। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে ওবিসি (OBC), অতি অনগ্রসর এবং দেশের বঞ্চিত সম্প্রদায়গুলি। অবিলম্বে এই ত্রুটিপূর্ণ প্রশ্নমালা বাতিল করার দাবি তুলেছেন তাঁরা। কেন এই পদ্ধতি নিয়ে আপত্তি কংগ্রেস শিবিরের?চিঠিতে খাড়গে এবং রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, ভারতে একই জাত বিভিন্ন অঞ্চলে নানা নামে, উপজাতিতে এবং স্থানীয় ভাষায় পরিচিত। যদি আদমশুমারিতে প্রতিটি মানুষকে তাঁর ইচ্ছামতো জাতের নাম লেখার সুযোগ দেওয়া হয়, তবে একটিমাত্র জাত হাজার হাজার ছড়ানো নামে বিভক্ত হয়ে যাবে। এর জেরে দেশজুড়ে লক্ষ লক্ষ নতুন জাতের নাম সামনে আসবে, যা সম্পূর্ণ ডেটাকে বিভ্রান্তিকর ও অকেজো করে তুলবে। নেতারা আরও উল্লেখ করেছেন যে, কোনো সম্প্রদায়ের সঠিক সংখ্যা ও তথ্য নথিভুক্ত না হলে তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার ভুল মূল্যায়ন হবে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে শিক্ষা, কর্মসংস্থান, সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং সামগ্রিক সামাজিক ন্যায়বিচার নীতির ওপর। এমনকি এই পদ্ধতিতে দেশের অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) আসল জনসংখ্যার সঠিক চিত্রও সামনে আসবে না, কারণ বর্তমান ফর্মে ‘ব্যাকওয়ার্ড ক্লাস’ শব্দটির স্পষ্ট অন্তর্ভুক্তি নেই। কী সমাধান বাতলেছেন খাড়গে-রাহুল?এই জটিলতা এড়াতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব একটি সুনির্দিষ্ট সমাধানের প্রস্তাব দিয়েছেন। তাঁরা পোর্টালে বা ফর্মে ম্যানুয়ালি লেখার পরিবর্তে একটি পূর্ব-যাচাইকৃত ‘ড্রপ-ডাউন তালিকা’ (Drop-down list) তৈরির পরামর্শ দিয়েছেন। এর ফলে গণনাকারীরা ওই নির্দিষ্ট তালিকা থেকেই সঠিক জাতিটি নির্বাচন করতে পারবেন। তফশিলি জাতি (SC) ও উপজাতিদের (ST) গণনার ক্ষেত্রেও এই একই পদ্ধতি ব্যবহার করা হয়। চিঠিতে উদাহরণ হিসেবে তেলঙ্গানা এবং বিহারে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হওয়া জাতিগত সমীক্ষার কথা উল্লেখ করা হয়েছে। ওই দুই রাজ্যে যেভাবে পরীক্ষিত ও যাচাই করা তালিকা ব্যবহার করে সফলভাবে কাজ করা হয়েছিল, দেশজুড়ে জাতশুমারির ক্ষেত্রেও ঠিক সেই একই মডেল বা পদ্ধতি গ্রহণের জোর দাবি জানিয়েছেন দুই কংগ্রেস নেতা। পাশাপাশি, সমস্ত রাজনৈতিক দল, বিশেষজ্ঞ এবং জনসাধারণের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করে একটি নতুন ও ত্রুটিহীন প্রশ্নমালা তৈরি করার আর্জিও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *