বিশ্বচ্যাম্পিয়ন স্নুকার প্লেয়ারের অন্ধকার দিক! দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় কাঠগড়ায় গ্রেম ডট

ক্রীড়াজগতের মুকুটে বড়ো কালিমাল্লেপ। দুই শিশুকে যৌন নির্যাতনের মতো অত্যন্ত গুরুতর ও ন্যক্কারজনক ঘটনায় দোষী সাব্যস্ত হলেন স্নুকারের (Snooker) প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেম ডট (Graeme Dott)। কয়েক দশক আগের এই অপরাধের ঘটনায় অবশেষে আইনি সিলমোহর পড়ল স্কটল্যান্ডের (Scotland) একটি আদালতে। সোমবার গ্লাসগো হাইকোর্টে (Glasgow High Court) দীর্ঘ শুনানি শেষে ৪৯ বছর বয়সি এই তারকাকে ‘অশ্লীল, অশালীন ও যৌন উদ্দেশ্যপূর্ণ আচরণ’-এর দুটি পৃথক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটেছিল ১৯৯৩ থেকে ১৯৯৬ সালের মধ্যে, যেখানে এক কিশোরীর উপর যৌন নির্যাতন, তাকে অশালীনভাবে স্পর্শ করা এবং জোর করার অভিযোগ ছিল। দ্বিতীয় ঘটনাটি ঘটে ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে, যেখানে এক কিশোরের উদ্দেশ্যে যৌনতাপূর্ণ মন্তব্য ও তার যৌনাঙ্গ স্পর্শ করার মারাত্মক অভিযোগ ওঠে গ্রেমের বিরুদ্ধে। শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে এলেও, দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে।
সাজা ঘোষণা আগামী মাসে
গ্লাসগো হাইকোর্টের তরফে জানানো হয়েছে, আগামী মাসেই গ্রেম ডটের চূড়ান্ত সাজা ঘোষণা করা হবে। এই রায় প্রসঙ্গে পুলিশ স্কটল্যান্ডের (Police Scotland) ডিটেকটিভ ইন্সপেক্টর গ্যারি স্মাইলি মন্তব্য করেছেন, “গ্রেম ডট একজন বিপজ্জনক ব্যক্তি। আদালতের এই ঐতিহাসিক রায় তাঁর অপরাধের শিকার হওয়া মানুষগুলোকে কিছুটা হলেও মানসিক শান্তি ও স্বস্তি দেবে।”
স্নুকারে এককালের বর্ণময় কেরিয়ার ধূলিসাৎ
খেলার দুনিয়ায় গ্রেম ডটের সাফল্য একসময় ঈর্ষণীয় ছিল। বিশেষ করে ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পিটার এবডনকে (Peter Ebdon) ১৮-১৪ ফ্রেমে হারিয়ে বিশ্বমুকুট জিতেছিলেন তিনি। এ ছাড়াও ২০০৪ ও ২০১০ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের রানার্স-আপ হওয়ার গৌরবও রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু গত বছর তাঁর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসতেই ওয়ার্ল্ড প্রফেশনাল বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার অ্যাসোসিয়েশন (WPBSA) তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করেছিল। এবার আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর গ্রেমের বর্ণময় ক্রীড়াজীবন ও রাজকীয় কেরিয়ার চিরতরে সমাপ্ত হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।