‘বিশ্বকাপ বড় কথা নয়, এশিয়ান গেমস আসছে তো!’ ব্যর্থতার পরই বোর্ডকে ধুয়ে দিলেন ক্ষিপ্ত শ্রীজেশ

পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরে হকি বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হল ভারত। সোমবার আমস্তেলভিনে পুল-ই’র দ্বিতীয় ম্যাচে আর্জেন্তিনার বিরুদ্ধে জয় ছাড়া কোনো পথ খোলা ছিল না ভারতীয় পুরুষ হকি দলের সামনে। এমনকী তারপরেও শেষ চারের সমীকরণের জন্য তাকিয়ে থাকতে হতো গোলপার্থক্যের দিকে। কিন্তু সেই ম্যাচে ৩-৫ গোলে হারের জেরে স্বপ্নভঙ্গ হয় অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীদের। এর আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল মহিলা দলও। আর ভারতীয় দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পরই ক্ষোভে ফেটে পড়েছেন দেশের অন্যতম সেরা প্রাক্তন গোলরক্ষক পিআর শ্রীজেশ।

বিশ্বকাপের ঠিক প্রাক্কালে মহিলা দলের প্রধান কোচের ছুটি কাটানো নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্টে তিনি সরাসরি দলের ম্যানেজমেন্টকে এই ব্যর্থতার দায়ভার নিতে বলেছেন। জোড়া অলিম্পিক্স পদকজয়ী এই তারকা গোলরক্ষক প্রশ্ন তুলেছেন, ভারতীয় হকি দলের আসল লক্ষ্য কি কেবল ভালো খেলা নাকি বিশ্বের তাবড় দলগুলোর বিরুদ্ধে জয় ছিনিয়ে আনা?

ব্যবস্থার সমালোচনা করে শ্রীজেশ লেখেন, “হতাশ হয়ে লাভ নেই, বিশ্বকাপ তো আর বড় কথা নয়! এশিয়ান গেমস আসছে, সেখানে একটা পদক জিতে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স নিয়ে ভাবনা শুরু করব। বিশ্বকাপের সাফল্য না-পাওয়ার কথা তো সবাই এমনিই ভুলে যাবে।” সঙ্গে তিনি যোগ করেন, “বিশ্বকাপের আগে মহিলা দলের কোচ যখন ছুটিতে গিয়েছিলেন, তখন দলের থেকে সেরা পারফরম্যান্স কীভাবে আশা করা যায়? কিন্তু এই ব্যর্থতার দায়ভার কে নেবে?”

পদ্মশ্রী এবং পদ্মভূষণে সম্মানিত প্রাক্তন গোলরক্ষকের অভিযোগ, পুরুষ দল শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে হারলেই তাকে সহজভাবে ‘লার্নিং প্রসেস’ বলে এড়িয়ে যাওয়া হচ্ছে। আবার অপেক্ষাকৃত দুর্বল এশিয়ান দলগুলিকে হারালেই তাকে ‘দুর্ধর্ষ জয়’ বলে তকমা দেওয়া হচ্ছে। শ্রীজেশের সাফ কথা, ভুলত্রুটিগুলো এভাবে আগামী টুর্নামেন্টের অজুহাতে লুকিয়ে রাখা বন্ধ হোক। বিশ্বকাপ কোনো রিহার্সালের জায়গা নয়।

উল্লেখ্য, পুলের ম্যাচে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা ওয়েলস ও পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় পর্বে পা রেখেছিল পুরুষ দল। কিন্তু ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হারের পর, নেদারল্যান্ডসের কাছে ১-৩ এবং আর্জেন্তিনার বিরুদ্ধে ৩-৫ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের। অন্যদিকে, মহিলা দল পাঁচ ম্যাচ খেলে কেবল নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬-১ গোলে বড় জয়ের পাশাপাশি চিন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ড্র করেছিল তারা। তবে দলের সার্বিক এই পরিণতিতে দেশের হকি মহলে এখন বিতর্কের ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *