দক্ষিণী রাজনীতিতে কি এ বার পা রাখছেন তারকা ধনুশ? ঘনিষ্ঠ সুরকারের মন্তব্যে তুঙ্গে জল্পনা

দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা ধনুশ (Dhanush) কি এ বার সত্যি সত্যিই রাজনীতির ময়দানে নামতে চলেছেন? তামিলনাড়ু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন এটি। বিশেষ করে থলপতি বিজয় নিজের রাজনৈতিক দল গঠনের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, এর পর কোন তারকা রাজনীতিতে পা রাখতে চলেছেন। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতেই এবার উঠে এসেছে ধনুশের নাম। আর এই জল্পনাকে আরও উসকে দিয়েছেন তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ট বন্ধু তথা বিশিষ্ট সঙ্গীত পরিচালক জিভি প্রকাশ কুমার। সম্প্রতি চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিভি প্রকাশকে সরাসরি প্রশ্ন করা হয় ধনুশের সম্ভাব্য রাজনৈতিক জীবন নিয়ে। তার উত্তরে ওই সুরকার স্পষ্ট জানান, ধনুশ তাঁর অত্যন্ত কাছের মানুষ। ভবিষ্যতে তিনি যদি রাজনীতিতে আসার কোনো সিদ্ধান্ত নেন, তবে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে তিনি সর্বতোভাবে ধনুশের পাশেই থাকবেন এবং তাঁকে পূর্ণ সমর্থন জানাবেন। বন্ধুর এই প্রকাশ্যে সমর্থনের পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা বহুগুণ বেড়ে গেছে। এর আগে নিজের ছবির প্রচার মঞ্চ থেকে ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিলেন ধনুশ। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ভক্তদের কাজ কেবল প্রিয় নায়কের ছবি দেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক কাজে হাত লাগাতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ধরনের জনমুখী বার্তার মাধ্যমেই ধনুশ তলে তলে নিজের একটি শক্তপোক্ত জনভিত্তি ও কর্মী বাহিনী গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন। তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন কিছু নয়। এমজিআর থেকে জয়ললিতা কিংবা কমল হাসান—সেই দীর্ঘ ঐতিহ্য মেনেই কি এ বার ধনুশ নতুন কোনো রাজনৈতিক অধ্যায় শুরু করতে চলেছেন, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *