পাম্প চালাতে গিয়েই আঁতকে উঠলেন চাষি! পাম্পের পিছনে কুণ্ডলী পাকিয়ে ঘুমচ্ছিল বিশালাকার অজগর

টানা বৃষ্টি ও নিম্নচাপের জেরে বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জনজীবন বিপর্যস্ত। নদী-নালা উপচে জল ঢুকে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। ঝাড়গ্রামের বিভিন্ন অংশ জলমগ্ন থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের গড়িগ্রাম এলাকায়। জলমগ্ন চাষ জমির মাঝের একটি অপেক্ষাকৃত উঁচু পাম্প ঘর থেকে উদ্ধার হয়েছে একটি বিশালাকার অজগর সাপ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি ধান চাষ জমির পাম্প ঘরে সকালে পাম্প চালাতে গিয়েছিলেন এক স্থানীয় বাসিন্দা। তখনই পাম্পের পিছনের অংশে কুন্ডলী পাকিয়ে ঘুমিয়ে থাকা বিশাল আকৃতির সাপটিকে দেখতে পান তিনি। জনবহুল এলাকায় এমন অজগরের উপস্থিতি টের পেতেই মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। মুহূর্তেই পাম্প ঘরের সামনে ভিড় জমান কৌতূহলী গ্রামবাসীরা।

খবর দেওয়া হয় স্থানীয় সর্পপ্রেমী রাহুল দণ্ডপাটকে। খবর পেয়েই তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং অত্যন্ত পেশাদারী দক্ষতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করেন। পরে উদ্ধার হওয়া সাপটিকে নিরাপদে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। বনদফতর সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অজগরটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

বিশেষজ্ঞদের অনুমান, লাগাতার বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের কারণে জঙ্গল লাগোয়া নিচু এলাকা প্লাবিত হওয়ায় সাপটি নিরাপদ ও শুকনো আশ্রয়ের খোঁজে পাম্প ঘরে এসে আশ্রয় নিয়েছিল। সময়মতো খবর পৌঁছানোয় এবং সর্পপ্রেমীর তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন বন্যপ্রাণী ও গ্রামবাসী উভয়েই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *