শান্তিপুর পৌরসভায় এ কী কাণ্ড! চেয়ারম্যানের ঘরের সামনে আবর্জনার স্তূপ, ইস্তফা দিলেন দুই শীর্ষকর্তা!

নদিয়ার শান্তিপুর পৌরসভায় নজিরবিহীন প্রশাসনিক অচলাবস্থা তৈরি হলো। দীর্ঘদিন ধরে অস্থায়ী সাফাইকর্মীদের বকেয়া বেতন মেটানো এবং বেতন বৃদ্ধির দাবি ঝুলে থাকায় চরমে উঠেছে ক্ষোভ। আর তারই প্রতিবাদে বুধবার সকালে পৌরসভার মূল গেট আটকে ভেতরে পচা আবর্জনা ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাফাইকর্মীরা। এমনকি চেয়ারম্যানের ঘরের সামনেও আবর্জনা জমে যাওয়ায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পুরকর্মীদের পক্ষে দপ্তরে প্রবেশ করাও অসম্ভব হয়ে পড়ে।
এই চরম অব্যবস্থা ও বক্ষোভের জেরে অবশেষে চাপের মুখে পড়ে ইস্তফা দিয়েছেন তৃণমূল পরিচালিত শান্তিপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে অস্থায়ী সাফাইকর্মীদের পাওনা মেটানো হচ্ছিল না। বহুবার আর্জি জানিয়েও সুরাহা না হওয়ায় বুধবার সকাল থেকে সরাসরি আন্দোলনে নামেন কর্মীরা। পৌরসভার চত্বর ও চেয়ারম্যানের ঘরের সামনে ময়লার স্তূপ জমে যাওয়ায় চারপাশ দুর্গন্ধে ভরে ওঠে। শান্তিপুর পৌরসভা কার্যালয়টি কার্যত একটি ভাগাড়ে পরিণত হয়।
এই ঘটনার জেরে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যেমন বকেয়া বেতনের দাবিতে কর্মীদের এই অভিনব আন্দোলন শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তেমনই অন্যদিকে শীর্ষকর্তাদের পদত্যাগের ফলে পৌরসভার ভবিষ্যৎ পরিচালনা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।