ফুটবল ছাড়া কী করবেন সিআর সেভেন? অবসরের কথা বলতেই তোলপাড় বিশ্ব ক্রীড়ামহল!

বয়স একচল্লিশ ছুঁইছুঁই হলেও এর আগে ভবিষ্যৎ বা অবসর নিয়ে কখনোই কোনো স্পষ্ট মন্তব্য করেননি তিনি। তবে দীর্ঘ আড়াই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি টানার বিষয়ে অবশেষে বড়সড় ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ (VOGUE)-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রহের অন্যতম সেরা এই ফুটবলার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সম্ভবত চলতি মরশুমটাই তাঁর ফুটবল কেরিয়ারের শেষ মরশুম হতে চলেছে। তাঁর এই ঘোষণায় রীতিমতো মনখারাপ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি অনুরাগীর।
২০২৬ বিশ্বকাপ ও পর্তুগালের হতাশা: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রেখে বয়স চল্লিশ পেরোলেও এতদিন অবসরের ভাবনাকে দূরে সরিয়ে রেখেছিলেন সিআর সেভেন। কিন্তু গত মাসে সমাপ্ত বিশ্বকাপে আশানুরূপ ফল করতে ব্যর্থ হয় তাঁর দেশ পর্তুগাল। শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। আর সেই টুর্নামেন্টের পরেই সম্ভবত প্রথমবারের মতো নিজের অবসরের সম্ভাব্য সময়সীমা নিয়ে মুখ খুললেন পর্তুগিজ যুবরাজ।
বর্তমানে সৌদি প্রো-লিগের ক্লাব আল-নাসেরের সঙ্গে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বাধিক গোলদাতার। তাহলে কি চুক্তির মেয়াদ ফুরোলেই চিরতরে বুটজোড়া তুলে রাখবেন তিনি? সাম্প্রতিক সাক্ষাৎকার সেই জল্পনাই আরও জোরালো করে তুলেছে। সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “হয়তো চলতি মরশুমটাই আমার ফুটবল কেরিয়ারের শেষ। আমি মাঠে এমন একটা আকর্ষণীয় লেগাসি রেখে যেতে চাই, যা স্মরণীয় হয়ে থাকে।”
অবসর নিয়ে কী পরিকল্পনা সিআর সেভেনের? গত বছর নভেম্বর মাসেও রোনাল্ডো আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি আরও এক-দু’বছর খেলা চালিয়ে যেতে পারবেন। যদিও চলতি ২০২৬ সংস্করণটি যে তাঁর শেষ বিশ্বকাপ হবে, তা তিনি আগেই নিশ্চিত করেছিলেন। আর এবার ক্লাব ও আন্তর্জাতিক কেরিয়ার থেকেও বিদায় নেওয়ার বড় ইঙ্গিত দিয়ে দিলেন ৯৭৬ কেরিয়ার গোলের মালিক। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি জানান, ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনাও তিনি ইতিমধ্যে ছকে ফেলেছেন।
ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “আমি ভবিষ্যৎ পরিকল্পনা মোটামুটি গুছিয়ে নিয়েছি। অবসর জীবনে ব্যস্ত থাকার মতো অনেক বিষয় থাকবে। তবে এই মুহূর্তে তার মধ্যে থেকে সুনির্দিষ্ট একটা কিছু বেছে নেওয়া বেশ কঠিন।” কিছুটা নস্টালজিক সুরেই তিনি আরও যোগ করেন, “ফুটবল না থাকলে আমার জীবনে একটা বিশাল শূন্যতা তৈরি হবে। তাই নিজেকে বহু কাজে ব্যস্ত রাখতে হবে। শুধু একটা কাজ দিয়ে তা পূরণ হবে না। তবে হ্যাঁ, আরও বেশি করে মজা করা ও ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে। হাজার হোক, গত ২৫ বছর ধরে তো অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে!”
মাঠের লড়াইয়ে কামব্যাক: সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রড্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিয়ের পর্ব মিটতেই তিনি আল-নাসেরের অনুশীলনে ফিরে গিয়েছেন। আগামী ২৫ আগস্ট সৌদি প্রো-লিগের দ্বিতীয় ম্যাচে আল-ইত্তেফাকের মুখোমুখি হবে তাঁর দল। বিশ্বকাপের পর ক্লাবের জার্সিতে এটিই হতে চলেছে তাঁর প্রথম ম্যাচ। ফুটবল জাদুকরের পায়ের জাদুতে শেষ মরশুমটা কতটা রঙিন হয়, এখন সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।