সেক্টর ফাইভে বিরাট জালিয়াতি চক্রের হদিশ! বিদেশি নাগরিকদের টার্গেট করে চলা ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে আটক ১৪

টানা সাইবার অপরাধ দমনে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সল্টলেকের সেক্টর ফাইভে একটি আন্তর্জাতিক ফেক কল সেন্টারে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

যেভাবে চলত প্রতারণার কারবার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেক্টর ফাইভের একটি বহুতল ভবনের ষষ্ঠ তলায় অফিস ভাড়া নিয়ে অত্যন্ত সুচারুভাবে এই ভুয়ো কল সেন্টারটি চালানো হচ্ছিল। বিদেশি নাগরিকদের বিভিন্ন ধরনের লোভনীয় প্রতিশ্রুতি ও ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের মূল উদ্দেশ্য। গোপন খবরের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালায় পুলিশ। অভিযานের সময় ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করার পাশাপাশি প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স গ্যাজেট ও সন্দেহজনক নথি উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাইছে না পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল মাথা ও দেশজুড়ে এর কোনো নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কলকাতাতেও সক্রিয় ছিল ভুয়ো কল সেন্টারের চক্র
প্রসঙ্গত, গত মাসেই কলকাতার পোর্ট ডিভিশনের সাইবার সেল ভুয়ো কল সেন্টার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছিল। ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একটি ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করে পুলিশ। সেই ঘটনায় ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। মেটিয়াব্রুজের এক বাসিন্দার কাছ থেকে নিজেদের টাটা ক্যাপিটাল ফাইন্যান্সের কর্মী পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতেই সেই চক্রের হদিশ মিলেছিল। একের পর এক এমন ঘটনায় সাইবার ক্রাইম নিয়ে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *