‘জেন জি তো, তাই কানে হেডফোন নেবই!’ ট্রাফিক আইন ভাঙার আজব সাফাই তরুণ পথচারীর

সারা বছর ধরে ট্রাফিক সচেতনতা ও রোড সেফটির কথা বলা হলেও, বিশেষভাবে এক সপ্তাহ ধরে চলছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। মানুষের জীবন ও সুরক্ষার কথা মাথায় রেখেই শহরজুড়ে নেমেছে পুলিশ প্রশাসন। এই বিশেষ অভিযানের উদ্বোধন করতে গিয়ে পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছিলেন, সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই এই উদ্যোগ আরও জোরদার করা হয়েছে। কিন্তু এই পথ নিরাপত্তা সপ্তাহের চতুর্থ দিনে কলকাতার রাজপথে ঠিক কী ছবি ধরা পড়ল?

রুবির মোড় থেকে শ্যামবাজার: সর্বত্র একই ছবি
শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রসিং ইএম বাইপাসের রুবি মোড়। সেখানকার দক্ষিণ থেকে উত্তরমুখী বাস স্টপেজের ছবি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। জোড়া প্যাসেঞ্জার শেল্টারের একটিতে ঝুলছে নোংরা তোষক, অন্যটি সম্পূর্ণ ফাঁকা ও অপরিচ্ছন্ন। আর তার ফলে যাত্রীরা শেল্টার ছেড়ে একেবারে ক্রসিংয়ের মুখে এসে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকছেন। সচেতনতার অভাবের কথা অনেকে স্বীকার করলেও, কেউ কেউ আবার ভিড়ের মুখে ভিড় করেই দাঁড়িয়ে থাকার অদ্ভুত যুক্তি দিলেন।

একই চিত্র ধরা পড়েছে শোভাবাজার ও শ্যামবাজারের ব্যস্ততম রাস্তাগুলিতেও। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শ্যামবাজার বা উল্টোডাঙা যাওয়ার ক্রসিং এবং শোভাবাজারের মেট্রো গেটের সামনে সিগন্যাল বা ট্রাফিক আইন না মেনেই অবাধে রাস্তা পারাপার করতে দেখা গেল সাধারণ মানুষকে। মাইকে অবিরাম পথ নিরাপত্তার প্রচার চললেও পথচারীদের আচরণ দেখে মনে হলো— তাঁরা যেন ‘ডোন্ট কেয়ার’ বা সম্পূর্ণ উদাসীন!

‘জেন জি’ প্রজন্মের আজব যুক্তি ও মন্ত্রীর প্রতিক্রিয়া
রাস্তা পার হওয়ার সময় কানে হেডফোন গুঁজে দিব্যি হাঁটছিলেন এক তরুণ। নিউজ ১৮ বাংলার ক্যামেরার সামনে তাঁর সাফাই,

“জেন জি তো, তাই কানে হেডফোন নিয়ে পেরলাম! রাস্তায় খুব আওয়াজ হয়, তাই এই ভাবে কানে হেডফোন থাকে।”

আবার কেউ কেউ ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। এই প্রসঙ্গে শ্যামবাজারে পথ নিরাপত্তা সপ্তাহের অনুষ্ঠানে উপস্থিত শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “আমি ওদের থেকে বয়সে বড়, তাই ওদের বলব প্রাণের ঝুঁকি না নিয়ে এমন কাজ না করতে।”

শ্যামবাজারে বিশেষ র‍্যালি ও প্রচার
গত ৩ আগস্ট পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা এই “রোড সেফটি উইক”-এর সূচনা করেছিলেন। সেই দিনই নির্দেশ দেওয়া হয়েছিল যে, প্রতিটি থানা ও ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শহরের কোণায় কোণায় সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হবে।

সেই নির্দেশ মেনেই ৬ আগস্ট শ্যামবাজার পাঁচমাথা মোড়ে মহাসমারোহে পালিত হয় পথ নিরাপত্তা সপ্তাহ। এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে একগুচ্ছ পেশাদার বাইক চালকদের নিয়ে একটি জমকালো বাইক র‍্যালির আয়োজন করে কলকাতা ট্রাফিক পুলিশ। এই র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম মানার জোরালো বার্তা দেওয়ার চেষ্টা করা হলেও, রাজপথের ছবিটা যে এখনও পুরোপুরি বদলায়নি, তা স্পষ্ট দিনের আলোর মতোই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *