‘শ্যুটিং সেটে আচমকা চুম্বন, তারপর সজোরে চড়!’ করণ কুন্দ্রার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ অভিনেত্রী সানভির

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে কাহাঁ আ গয়ে হাম’-এর শ্যুটিং চলাকালীন সহ-অভিনেতা করণ কুন্দ্রার বিরুদ্ধে হয়রানি এবং শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী সানভি তালওয়ার। সানভির অভিযোগ, তিনি সেটে মূলত নিজের মতো থাকতে পছন্দ করতেন এবং খুব একটা বেশি মেলামেশা করতেন না—যা করণ ও তৎকালীন পরিচালকের একেবারেই পছন্দ ছিল না। সম্প্রতি ‘ফিল্মিবিট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পুরনো বিতর্ককে ফের উসকে দিয়েছেন অভিনেত্রী।
ঠিক কী ঘটেছিল সেটে?
সাক্ষাৎকারে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে সানভি জানান, একটি বিশেষ দৃশ্যের শ্যুটিং চলাকালীন পরিচালক তখনও ‘অ্যাকশন’ নির্দেশ দেননি। কিন্তু তার আগেই করণ তাঁকে আচমকা চুম্বন করে বসেন। এই অপ্রত্যাশিত ও আপত্তিকর ঘটনায় সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়ে করণকে একটি চড় মারেন সানভি।
এরপর পরিস্থিতি চরম আকার ধারণ করে বলে দাবি অভিনেত্রীর। সানভির কথায়, “সেই মুহূর্তে ও কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে আমাকে সজোড়ে একটি চড় মারে। একজন নারী ও পুরুষের চড়ের তীব্রতার মধ্যে অনেক তফাত থাকে। আমি ধাক্কায় মেঝেতে পড়ে যাই। এরপর সে আমাকে এবং আমার পরিবারকে উদ্দেশ্য করে অত্যন্ত কদর্য ভাষায় গালাগাল দেয়।”
সেটের বিষাক্ত পরিবেশ ও একতা কাপুরের ভূমিকা
ঘটনার দিন সেটের পরিবেশ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী জানান, সেদিন তাঁর পাশে কেউ এসে দাঁড়াননি। পরবর্তীতে প্রখ্যাত প্রযোজক একতা কাপুর করণের পক্ষ থেকে তাঁর কাছে ক্ষমা চান এবং সানভিকে পূর্ণ সমর্থন জানান। পরিস্থিতি সামাল দিতে একতা অনেকটাই সাহায্য করেছিলেন।
সানভি আরও জানান, সেই সময়ে করণ অভিনেত্রী অনুশা দান্দেসকর-এর সঙ্গে সম্পর্কে ছিলেন। এই ঘটনার কথা জানতে পেরে অনুশাও নিয়মিত সেটে আসতে শুরু করেন। তবে করণ এবং পরিচালক মিলে সেটের পরিবেশ এতটাই বিষাক্ত ও অসহ্য করে তুলেছিলেন যে তাঁর পক্ষে সেখানে কাজ করা অসম্ভব হয়ে পড়েছিল। সানভির স্পষ্ট বক্তব্য, করণ যে তাঁর প্রতি ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলেন, তা তিনি বুঝতে পেরেছিলেন কিন্তু তিনি তাতে কখনই কোনো সাড়া দেননি।
করণ ও তেজস্বীর নীরবতা
সানভি তালওয়ার একাধিক সংবাদমাধ্যমের কাছে এই বিস্ফোরক অভিযোগ আনলেও, করণ কুন্দ্রা এখনও পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া জানাননি। পাশাপাশি, নীরব রয়েছেন করণের বর্তমান বাগদত্তা অভিনেত্রী তেজস্বী প্রকাশও। উল্লেখ্য, সম্প্রতি নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে করণ ও তেজস্বীর বাগদান সম্পন্ন হওয়ার খবর প্রকাশ্যে আসার ঠিক পরেই এই পুরনো বিতর্ক নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।