অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন জঙ্গি হামলা! অনন্তনাগে শহিদ এক পুলিশ কর্মী

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত গুলিবর্ষণে ৩৫ বছর বয়সি এক পুলিশ কর্মী নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাল চক এলাকায় এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় মোতায়েন থাকা এক হেড কনস্টেবল গুলিতে গুরুতর আহত হন এবং তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনন্তনাগের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হামলার খবর পাওয়ার পরেই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে। এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, যে পুলিশ দলটি জঙ্গিদের হামলার শিকার হয়েছে, তারা মূলত চলমান অমরনাথ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত ছিল। নিহত পুলিশ কর্মীর নাম আশিক হুসেন কুরেশি (Aashiq Hussain Qureshi)।

অনন্তনাগ ছাড়াও জম্মু ও কাশ্মীরের অন্যান্য অঞ্চলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লস্কর-ই-তৈবার প্রচ্ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) এই হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনার পর থেকে গোটা এলাকায় নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতা বা হাই অ্যালার্টে রয়েছে। উল্লেখ্য, ভারী বৃষ্টির কারণে গত চার দিন ধরে অমরনাথ যাত্রা স্থগিত থাকলেও, নিরাপত্তার স্বার্থেই ওই জওয়ানদের অনন্তনাগে মোতায়েন করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *