নাম বদলেই সাউথ আফ্রিকায় ঝড় তুলতে আসছে টাটার এই জনপ্রিয় এসইউভি! জানুন কী নাম রাখা হলো

সাউথ আফ্রিকার বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে বড় পদক্ষেপ নিল টাটা মোটরস (Tata Motors)। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ আফ্রিকায় তাদের জনপ্রিয় মডেল নেক্সন (Nexon)-কে সম্পূর্ণ নতুন নামে লঞ্চ করার ঘোষণা করেছে কোম্পানি। সাউথ আফ্রিকার বাজারে এই গাড়িটি পরিচিত হবে ‘টাটা অসপ্রে’ (Tata Osprey) নামে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকায় টাটার লাইনআপে শুধুমাত্র পেট্রোল-ডিজেল চালিত টিয়াগো (Tiago), পাঞ্চ (Punch), কার্ভ (Curvv) এবং হ্যারিয়ার (Harrier) মডেলগুলি রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে এই নতুন এসইউভি।
কেন নাম রাখা হলো ‘অসপ্রে’?
টাটা জানিয়েছে, ‘অসপ্রে’ নামটি একটি শিকারী পাখি থেকে অনুপ্রাণিত, যা দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সচরাচর দেখা যায়। সাউথ আফ্রিকার বাজারে গাড়িটির ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “রাস্তার নতুন শিকারীর একটি নাম আছে। মিলুন টাটা অসপ্রের সাথে। প্রকৃত স্বাধীনতা নিজের পথ নিজেই তৈরি করে।”
কী কী ফিচার থাকতে পারে?
যদিও টাটা মোটরস সাউথ আফ্রিকা এখনও এই গাড়িটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে এটি ভারতের বাজারে বিক্রীত নেক্সন মডেলটির মতোই হবে এবং এতে থাকবে ফাইভ-স্টার NCAP সেফটি রেটিং।
টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস সাউথ আফ্রিকার মার্কেটিং অ্যান্ড প্রোডাক্টের জেনারেল ম্যানেজার জেফ অ্যালিসন জানিয়েছেন, আধুনিক স্টাইলিং, প্রযুক্তি, ব্যবহারিক সুবিধা এবং সুরক্ষার পাশাপাশি সাশ্রয়ী মূল্যের গাড়ির চাহিদা গ্রাহকদের মধ্যে দিন দিন বাড়ছে। আর এই কারণেই অসপ্রেকে দক্ষিণ আফ্রিকার বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্ভাব্য ফিচারগুলির মধ্যে থাকতে পারে:
ডুয়াল ১০.২৫-ইঞ্চির স্ক্রিন
অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল
ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো
ওয়্যারলেস স্মার্টফোন চার্জিং
প্যানোরামিক সানরুফ
জেবিএল (JBL) সাউন্ড সিস্টেম
এডিএএস (ADAS) সেফটি স্যুট
বাজারের অবস্থান ও কৌশল
ভারতে কার্ভ-এর ঠিক নিচে অবস্থান করে নেক্সন। ফলে দক্ষিণ আফ্রিকার বাজারেও তার বড় ভাই কার্ভ-এর তুলনায় কিছুটা কম মূল্যে বা সাশ্রয়ী রেঞ্জে রাখা হবে এই অসপ্রে মডেলটিকে।
উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বাজারে প্রত্যাবর্তনের পর থেকেই সেখানে ব্র্যান্ডটির গাড়ির চাহিদা ক্রমাগত বাড়ছে। আর সেই ধারা বজায় রেখেই অসপ্রের এই আগমনকে দেশের বাজারে তাদের অবস্থান আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে টাটা মোটরস। ভারতে প্রায় এক দশক ধরে টাটার সবচেয়ে সফল এবং সেরা পণ্য হিসেবে পরিচিত এই নেক্সন, যা ভারতের সাবকম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে এক অনন্য মাইলফলক তৈরি করেছে।