চোখে জল রেফারি ভিনসিসের! আর্জেন্টিনা-স্পেন মেগা ফাইনালের দায়িত্ব পেয়েই কেঁদে ফেললেন রেফারি!

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রবিবারের সেই মেগা ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ইউরোপের জায়ান্ট স্পেনের। এই ব্লকবাস্টার মহারণের ঠিক আগেই ফাইনাল ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA)। আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াই এবং স্পেনের দ্বিতীয় ট্রফি জয়ের এই মহাযুদ্ধে প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনসিস (Slavko Vincic)।

ভিনসিসের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তোমাজ ক্লানচনিক এবং আন্দ্রাজ কোভাচিচ। এছাড়া চতুর্থ অফিশিয়াল হিসেবে জর্ডানের আধাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে মোহাম্মদ আলকালাফ দায়িত্ব পালন করবেন।

কিট পেয়েই চোখের জল ধরে রাখতে পারলেন না ভিনসিস!
ফাইনালের রেফারি হিসেবে নাম ঘোষণার পর এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। ফিফার তরফ থেকে ফাইনাল ম্যাচের অফিসিয়াল রেফারি কিট যখন ভিনসিসের হাতে তুলে দেওয়া হয়, তখন তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি। ফিফার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, কেরিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তির মুহূর্তে অভিজ্ঞ এই রেফারির চোখ জলে ভিজে উঠেছে। পরে বাকি রেফারিরা এসে তাঁকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান।

আর্জেন্টিনার সেই ‘ভয়ঙ্কর স্মৃতি’ ও ভিনসিস কানেকশন
বিশ্বকাপ ফাইনালের রেফারি হিসেবে স্লাভকো ভিনসিসের নাম সামনে আসতেই ফুটবল মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের মনে ভিনসিসের নাম একটি বড়সড় ধাক্কা দিতে পারে। কারণ, ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ও অপ্রত্যাশিত পরাজয়ের ম্যাচে রেফারি ছিলেন এই ভিনসিসই!

সেবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ১-২ ব্যবধানে হেরেছিল লিওনেল মেসির দল। ওই ম্যাচে ভিনসিস আর্জেন্টিনাকে একটি প্রারম্ভিক পেনাল্টি দিয়েছিলেন যা থেকে মেসি গোল করেন এবং সৌদি আরবের ৬ জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও আর্জেন্টিনা ম্যাচটি হেরে যায়, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে গণ্য হয়। ভিনসিসের পরিচালনায় বিশ্বকাপে আর্জেন্টিনার ওটাই একমাত্র হার। ফলে রবিবারের ফাইনালে তাঁর উপস্থিতি দুই দলের রণকৌশলে বাড়তি মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে।

স্পেনের জন্য ‘লাকি চার্ম’ ভিনসিস?
আর্জেন্টিনার জন্য স্মৃতিটা মধুর না হলেও, স্পেনের জন্য কিন্তু ভিনসিস বেশ পরিচিত এবং পয়া মুখ। সাম্প্রতিক বছরগুলোতে ইউরো ২০২০, উয়েফা নেশনস লিগ এবং ইউরো ২০২৪-এ স্পেনের একাধিক বড় ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি।

বিশেষ করে স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল জাতীয় দলে নিয়মিত হওয়ার পর, ভিনসিসের পরিচালনায় ইউরো ২০২৪-এ ইতালি ও ফ্রান্সের মতো শক্তিশালী দলকে হারিয়েছিল লুইস দে লা ফুয়েন্তের দল। ফলে ফাইনালের আগে এই পরিসংখ্যান স্পেন শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলাই বাহুল্য।

আরও একটি ঐতিহাসিক মঞ্চের অপেক্ষা
২০১০ সাল থেকে আন্তর্জাতিক রেফারির দায়িত্ব পালন করছেন ভিনসিস। এর আগে ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালসহ ফুটবলের বহু হাই-ভোল্টেজ ম্যাচ সফলভাবে পরিচালনা করেছেন তিনি। চলতি বিশ্বকাপেও ইতিমধ্যেই তিনটি ম্যাচ দক্ষতার সাথে সামলেছেন। এবার ফুটবল বিশ্বের সর্বশ্রেষ্ঠ ট্রফি কার হাতে উঠবে— আর্জেন্টিনার ঘরে নাকি স্পেনের তাঁবুতে, তা নির্ধারণের মহাগুরুত্বপূর্ণ দায়িত্বে বাঁশি মুখে নামবেন স্লাভকো ভিনসিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *