ভারত ও চিনের জন্য বড় স্বস্তি! রুশ তেলের ওপর ৫০০% শুল্কের হুমকি কমাল আমেরিকা

রাশিয়া থেকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর মার্কিন শুল্কের বোঝা অনেকটাই কমতে চলেছে। ভারত ও চিনের মতো দেশগুলোর জন্য এই খবর বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে এতদিন ৫০০ শতাংশ শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছিল আমেরিকা, তা সংশোধন করে ১০০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

কী পরিবর্তন আসছে বিলে?
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনেটে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লাংমেনথাল ‘রাশিয়া স্যাংশন বিল’-এর একটি সংশোধিত রূপ উপস্থাপন করেছেন। আগে এই বিলে প্রস্তাব ছিল, যারা রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করবে, তাদের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে। তবে নতুন সংশোধনীতে সেই হার ১০০ শতাংশে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে, যার ফলে দেশের স্বার্থে তিনি চাইলে কোনো দেশের ওপর থেকে এই শুল্ক সম্পূর্ণ তুলে নিতে পারবেন।

ভারত ও চিনের ওপর প্রভাব:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা দেশগুলোর ওপরও চড়া শুল্কের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কঠোর অবস্থানের কারণে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনাও অনেকটা থমকে ছিল।

বর্তমানে ভারত ও চিন—উভয় দেশই রাশিয়ার অপরিশোধিত ক্রুড তেলের অন্যতম বড় ক্রেতা। এছাড়া প্রাকৃতিক গ্যাসের জন্য চিন, ফ্রান্স, হাঙ্গেরিসহ একাধিক দেশ রাশিয়ার ওপর নির্ভরশীল। এই নতুন সংশোধনী কার্যকর হলে ভারতের মতো দেশগুলোর ওপর থেকে বড় রকমের অর্থনৈতিক চাপ কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন এই নমনীয়তা?
বিশ্লেষকদের মতে, ৫০০ শতাংশ শুল্ক চাপানো কার্যত অবাস্তব এবং তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারত। বর্তমান সংশোধিত বিলটি ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে অনেকটাই স্বস্তি দেবে। রাশিয়ার ওপর নির্ভরশীলতা বজায় রেখেও বাণিজ্যের এই নতুন সমীকরণ কীভাবে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *