বলিউডের ‘প্লেবয়’ অভিনেতার নাম ফাঁস! নিক-প্রিয়াঙ্কার আড্ডায় তোলপাড় নেটপাড়া

প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল আইকন হলেও বলিউডের অন্দরমহলের খবরে তাঁর আগ্রহ আজও অটুট। কিন্তু চমকপ্রদ তথ্য হলো, এই ব্যাপারে তাঁর চেয়েও এক কাঠি এগিয়ে প্রিয়াঙ্কার বিদেশি স্বামী নিক জোনাস! সম্প্রতি জোনাস ব্রাদার্সের এক পডকাস্টে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন এই দম্পতি, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র শোরগোল।
বলিউডের ‘গসিপ কিং’ নিক জোনাস!
পডকাস্টের আড্ডায় নিক স্বীকার করেছেন যে, প্রিয়াঙ্কাকে বিয়ে করার পর তাঁর অন্যতম বড় প্রাপ্তি হলো বলিউডের গসিপ। গত আট বছরে বিটাউনের বহু গোপন সম্পর্কের খবর তিনি আয়ত্ত করেছেন। নিকের কথায়, “প্রিয়াঙ্কা অনেক সময় যা জানে না, আমি সেই আপডেটও রাখি।” এমনকি মজা করে প্রিয়াঙ্কা জানান, বলিউডের ব্রেক-আপের খবরগুলো নাকি খোদ নিকই তাঁকে টেক্সট করে মনে করিয়ে দেন! জানা গেছে, এই গোপন খবরের আপডেট রাখতে নিক নাকি সোশ্যাল মিডিয়ায় কিছু বেনামি অ্যাকাউন্টও ফলো করেন।
রহস্যময় সেই অভিনেতা কে?
আড্ডার আসল ধামাকাটি ঘটে যখন নিক জানান, তিনি এমন কিছু বলিউড অভিনেতার কাণ্ডকারখানা ট্র্যাক করতে পছন্দ করেন, যাদের দাম্পত্যের বাইরেও ‘এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজ’ বা অন্য সম্পর্ক রয়েছে। নিকের কথা শেষ হতেই প্রিয়াঙ্কা টিপ্পনী কেটে বলেন, “হ্যাঁ, সেই একজন অভিনেতার কথা বলছেন তো, যার এমন একাধিক সম্পর্ক রয়েছে!”
প্রিয়াঙ্কার এই মন্তব্যের পর স্বভাবতই তাঁর ভাসুর কেভিন জোনাস সেই অভিনেতার নাম জানতে উৎসুক হয়ে পড়েন। কিন্তু চতুর প্রিয়াঙ্কা নাম খোলসা না করে রহস্য রেখে হাসতে হাসতে বলেন, “নামটা এখন বলব না, দুপুরে লাঞ্চ করতে করতে বলব।” পিগি চপস নাম গোপন রাখলেও, বলিপাড়ার সেই ‘প্লেবয়’ অভিনেতাটি কে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।
পর্দায় ফিরছেন দেশি গার্ল
ব্যক্তিগত জীবনের এই রসালো গসিপের পাশাপাশি প্রিয়াঙ্কার কর্মজীবনও এখন আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় কামব্যাক করতে চলেছেন তিনি। এস এস রাজামৌলির আগামী বিগ বাজেট অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘বারাণসী’-তে মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারণের সঙ্গে দেখা যাবে তাঁকে। ২০২৭ সালে মুক্তি পেতে চলা এই মেগা প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে।