আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, চালু হচ্ছে নতুন স্বাস্থ্য প্রকল্প!

রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হতেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তবে এই প্রকল্পের আওতায় আসতে গেলে রয়েছে একাধিক কঠোর শর্ত। ফলে অনেকেই এই সুবিধার আওতা থেকে বাদ পড়ছেন। আর সেইসব মানুষদের কথা মাথায় রেখেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারতের ধাঁচেই রাজ্যে খুব শীঘ্রই চালু হতে চলেছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা’।

কী থাকছে এই প্রকল্পে?
মুখ্যমন্ত্রীর এই নতুন স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী আয়ুষ্মান ভারতের মতোই ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেশ চিকিৎসার সুবিধা পাবেন। যেসব নাগরিক আয়ুষ্মান ভারত প্রকল্পের শর্ত পূরণ করতে পারছেন না, তাঁরাই মূলত এই নতুন বিমা প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন।

কারা আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়ছেন?
যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না, তারাই এই নতুন প্রকল্পের মূল দাবিদার। শর্তানুযায়ী কারা বাদ পড়ছেন?

এসইসিসি (SECC) তালিকার অন্তর্ভুক্ত নন এমন ব্যক্তিরা।

যাঁদের পাকা বাড়ি রয়েছে।

নির্দিষ্ট ১১টি পেশার (সাফাইকর্মী, গৃহপরিচারক, হকার, রিকশাচালক, রাজমিস্ত্রি ইত্যাদি) সঙ্গে যুক্ত নন এমন নাগরিকরা।

আবেদন প্রক্রিয়া কী হবে?
‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা’ নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন থাকলেও, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও আবেদন প্রক্রিয়ার নির্দিষ্ট রূপরেখা প্রকাশ করা হয়নি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনা চলছে।

সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিগত সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের উপভোক্তাদের নাম কি সরাসরি এই নতুন প্রকল্পে স্থানান্তরিত হবে, নাকি নতুন করে আবেদন করতে হবে? এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই রাজ্য সরকার সব নিয়মকানুন স্পষ্ট করে জানিয়ে দেবে।

বর্তমানে পুরো বিষয়টি আলোচনার স্তরে রয়েছে। যোগ্য উপভোক্তারা যেন কোনোভাবেই স্বাস্থ্য পরিষেবার বাইরে না থাকেন, সেদিকেই নজর দিচ্ছে রাজ্য সরকার। এ ব্যাপারে চূড়ান্ত নির্দেশিকা এলেই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *