অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা দিয়েছেন? ভুল হয়নি তো? নিজেই চেক করে নিন এই পদ্ধতিতে

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদনের হিড়িক পড়েছে রাজ্যজুড়ে। সাইবার ক্যাফেতে লম্বা লাইন থেকে শুরু করে সরকারি শিবিরে জমা পড়া আবেদনের সংখ্যা লক্ষাধিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, ইতিমধ্যেই ১ কোটি ৩ লক্ষ অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়েছে এবং অনেকের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা মাসিক ভাতাও পৌঁছে গেছে। তবে আবেদনের ভিড়ে অনেকেরই মনে প্রশ্ন—ফর্মটি ঠিকঠাক জমা পড়েছে তো? ভুল তথ্য দেওয়া হয়ে যায়নি তো?
আপনার জমা করা ফর্মটি নির্ভুল কি না, তা যাচাই করার জন্য আপনাকে আর কোথাও ছুটতে হবে না। ঘরে বসেই অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনি তা দেখে নিতে পারেন।
জমা করা ফর্ম চেক করার সহজ ধাপ:
১. ওয়েবসাইট: প্রথমে আপনার ফোনের ব্রাউজারে গিয়ে https://socialregistry.wb.gov.in/citizen/ এই লিঙ্কে ক্লিক করুন।
২. জেলা নির্বাচন: সাইটটি খোলার পর আপনার নিজ জেলা নির্বাচন করুন।
৩. মোবাইল নম্বর ও ক্যাপচা: অ্যাকাউন্ট খোলার সময় যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন, সেটি দিন। এরপর নিচে থাকা সিকিউরিটি ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করুন।
৪. ওটিপি ভেরিফিকেশন: ‘Request OTP’ অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ওটিপি আসবে। সেটি নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘Verify & Continue’ বাটনে ক্লিক করুন।
৫. অ্যাপ্লিকেশন স্ট্যাটাস: যদি আপনার ফর্ম সঠিকভাবে জমা পড়ে থাকে, তবে স্ক্রিনে ‘Application Submitted’ লেখাটি ভেসে উঠবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, গৃহকর্তার নম্বর এবং ফর্ম জমা দেওয়ার তারিখ ও সময় দেখা যাবে।
৬. ফর্ম ডাউনলোড: স্ক্রিনের নিচেই ‘Download Form’ অপশন থাকবে। সেখানে ক্লিক করলেই আপনার জমা দেওয়া পুরো ফর্মটি পিডিএফ (PDF) আকারে ডাউনলোড হয়ে যাবে। এটি দেখে আপনি নিজেই মিলিয়ে নিতে পারবেন আপনার দেওয়া তথ্যগুলো সঠিক কি না।
উল্লেখ্য, লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তাই যারা এখনও চিন্তায় আছেন যে ফর্ম জমা ঠিকঠাক হয়েছে কি না, তারা দ্রুত এই পদ্ধতিতে ফর্মটি ডাউনলোড করে নিশ্চিত হয়ে নিন।