আপনার ফোন কি হ্যাক হয়েছে? এই ৫টি লক্ষণ দেখা দিলেই সাবধান হোন!

ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই অজান্তে সাইবার অপরাধীদের কবলে পড়ছেন। ফোন হ্যাক হওয়ার ঘটনা এখন আর বিরল নয়। অনেক সময় ব্যবহারকারীরা বুঝতেই পারেন না যে তাদের ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে গেছে। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সাধারণ বিষয় লক্ষ্য করলেই নিশ্চিত হওয়া সম্ভব আপনার প্রিয় স্মার্টফোনটি হ্যাক হয়েছে কি না।

ফোন হ্যাক হওয়ার ৫টি বড় সংকেত:

অচেনা নম্বরের উপদ্রব: বারবার অপরিচিত নম্বর থেকে কল বা মেসেজ আসা হ্যাকিংয়ের একটি বড় লক্ষণ। আবার আপনার অনুমতি ছাড়াই যদি আপনার ফোন থেকে অন্য কোনো নম্বরে কল বা বার্তা চলে যায়, তবে নিশ্চিতভাবেই বুঝবেন আপনার ফোনে নজরদারি চলছে।

অস্বাভাবিক পপ-আপ মেসেজ: ইন্টারনেটে ব্রাউজ করার সময় হুটহাট অদ্ভুত সব পপ-আপ বিজ্ঞাপন কি স্ক্রিনে ভেসে উঠছে? এটি ক্ষতিকর ম্যালওয়্যারের লক্ষণ। এই বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলেই হ্যাকারদের কাছে আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ চলে যেতে পারে।

দ্রুত ডেটা ফুরিয়ে যাওয়া: মোবাইল ব্যবহার না করলেও কি দ্রুত ডেটা শেষ হয়ে যাচ্ছে? অনেক ক্ষেত্রে হ্যাকিং অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং আপনার ডেটা ব্যবহার করে তথ্য পাচার করে। এটি ডেটা দ্রুত শেষ হওয়ার অন্যতম কারণ।

অপরিচিত অ্যাপের উপস্থিতি: ফোনে হঠাৎ এমন কোনো অ্যাপ দেখতে পাচ্ছেন যা আপনি ইনস্টলই করেননি? এটি হ্যাকারদের কাজ হতে পারে। অপরিচিত অ্যাপ ফোনে থাকা মানেই আপনার গোপনীয়তা হুমকির মুখে।

ব্যাটারি ড্রেনেজ বা দ্রুত চার্জ শেষ হওয়া: ফোনের চার্জ কি স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত ফুরিয়ে যাচ্ছে? ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকর সফটওয়্যার সচল থাকার কারণে ব্যাটারি দ্রুত খরচ হতে পারে। এমনকি ফোন বন্ধ থাকা অবস্থায়ও যদি অস্বাভাবিক চার্জ কমে যায়, তবে সতর্ক হওয়া জরুরি।

নিরাপদ থাকতে করণীয়:
আপনার ফোনে এমন কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে সন্দেহজনক অ্যাপগুলো ডিলিট করুন এবং ফোনের পাসওয়ার্ড পরিবর্তন করুন। প্রয়োজনে ফোনটি ‘ফ্যাক্টরি রিসেট’ করে নিতে পারেন। এছাড়া সবসময় অ্যাপ আপডেট রাখা এবং অপরিচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *