বড় সতর্কতা: প্যারাসিটামলসহ ১৬টি ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র, তালিকায় আপনার নিয়মিত ওষুধ নেই তো?

জনস্বাস্থ্যের সুরক্ষায় বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। বৈজ্ঞানিক পর্যালোচনার পর দেশের বাজারে প্রচলিত ১৬টি ‘ফিক্সড-ডোজ কম্বিনেশন’ (FDC) বা মিশ্র ওষুধের উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বিতরণে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রের স্পষ্ট বার্তা, এই ওষুধগুলির কোনো চিকিৎসাগত যৌক্তিকতা নেই, উল্টে এগুলির নিয়মিত সেবনে রোগীর শরীরের বড় ধরণের ক্ষতি হতে পারে।
কেন এই নিষেধাজ্ঞা? সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের (DTAB) একটি বিশেষজ্ঞ কমিটি বাজারচলতি বিভিন্ন ওষুধের সংমিশ্রণ পরীক্ষা করে দেখে। পরীক্ষার পর দেখা যায়, এই ১৬টি ওষুধ চিকিৎসাবিজ্ঞানের বিচারে সম্পূর্ণ অযৌক্তিক এবং এগুলির কার্যকারিতার কোনো পর্যাপ্ত বৈজ্ঞানিক ভিত্তি নেই। ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০-এর ২৬এ ধারার অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
নিষিদ্ধ ওষুধের তালিকায় কী কী আছে? মন্ত্রকের তালিকা অনুযায়ী, ব্যথা উপশমকারী থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক এবং ত্বকের যত্নে ব্যবহৃত একাধিক ওষুধ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। উল্লেখযোগ্য কিছু নিষিদ্ধ সংমিশ্রণ হলো:
-
ব্যথানাশক ও পেটের সমস্যা: প্যারাসিটামলের সঙ্গে লিগনোকেইন, ডাইসাইক্লোমিন-প্যারাসিটামল-ক্লিডিনিয়াম ব্রোমাইড এবং এর সাথে ক্লোরডিয়াজেপক্সাইড মিশ্রিত ওষুধ।
-
অ্যান্টিবায়োটিক: অ্যামোক্সিসিলিন ও সেরেশিওপেপটাইডেস, সেফাড্রক্সিলের সঙ্গে প্রোবেনেসিড এবং সেফুরোক্সিমের সঙ্গে সেরেশিওপেপটাইডেসের বিভিন্ন সংমিশ্রণ।
-
চর্মরোগের ওষুধ: অ্যালোভেরা বা বিভিন্ন তেলের সাথে ভিটামিন ই, জোজোবা অয়েল বা টি ট্রি অয়েল মিশ্রিত একাধিক ডার্মাটোলজিক্যাল স্কিনকেয়ার পণ্য।
-
অন্যান্য: গ্লিকলাজাইডের সঙ্গে ক্রোমিয়াম পিকোলাইনেট ও অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিডের সঙ্গে ইথোহেপটাজিন।
পরবর্তী পদক্ষেপ কী? কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত রাজ্য ড্রাগ কন্ট্রোলার এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে। ওষুধ প্রস্তুতকারক এবং ব্যবসায়ীদের অবিলম্বে এই ওষুধগুলোর উৎপাদন ও বিপণন বন্ধ করতে বলা হয়েছে।
জনসাধারণের প্রতি সতর্কবার্তা: বিশেষজ্ঞদের পরামর্শ, এই তালিকার কোনো ওষুধ আপনি নিয়মিত সেবন করে থাকলে, অবিলম্বে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং ওষুধ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করুন। না জেনে কোনো মিশ্র ওষুধ সেবন থেকে বিরত থাকুন।