বিয়ের পিঁড়িতে মিঠুন-কন্যা দিশানি! প্রেমিক মাইলসের সঙ্গে এনগেজমেন্ট সেরে ঘোষণা করলেন তারিখ

বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তীর পরিবারে বড় সুখবর। জনপ্রিয় এই সুপারস্টারের কন্যা দিশানি চক্রবর্তী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর জীবনের বিশেষ মুহূর্তের খবর। দীর্ঘদিনের প্রেমিক মাইলস মান্টজারিসের সঙ্গে বাগদান সেরেছেন দিশানি এবং ঘোষণা করেছেন তাদের বিয়ের তারিখ।
সৈকতে রূপকথার মতো প্রস্তাব
দিশানি ও মাইলস তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যৌথভাবে এই বাগদানের খবরটি শেয়ার করেছেন। ছবিগুলোতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে হাঁটু গেড়ে বসে দিশানিকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন মাইলস। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, দিশানি তাঁর বাগদানের আংটিটি গর্বের সঙ্গে প্রদর্শন করছেন এবং মাইলস তাঁকে চুম্বন করছেন। দুজনের চোখেমুখেই যেন এক অনাবিল খুশির ঝিলিক।
এই পোস্টের ক্যাপশনে দিশানি আবেগঘন ভাষায় লিখেছেন, “আমার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত।”
কে এই মাইলস মান্টজারিস?
দিশানি দীর্ঘ সময় ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইলসের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। মাইলস পেশায় একজন স্টেডিক্যাম অপারেটর। নিজেদের পেশাগত জীবন ও সম্পর্কের রসায়ন নিয়ে দুজনেই বেশ সচেতন। দিশানি এবং মাইলসের এই বাগদানের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। ভক্ত থেকে শুরু করে দিশানির শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে তাঁদের আগামীর জন্য ভালোবাসা জানিয়েছেন।
৬ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে
জানা গেছে, সব ঠিক থাকলে চলতি বছরের ৬ই ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই জুটি। মিঠুন চক্রবর্তীর কন্যা ও তাঁর হবু বরের এই নতুন যাত্রা ঘিরে এখন থেকেই অনুরাগীদের মধ্যে উত্তজনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে।