হাতে বোতল নিয়ে আর স্টেডিয়ামে নয়! ফিফার নতুন নির্দেশিকায় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই ফিফার এক আকস্মিক সিদ্ধান্তে তীব্র বিতর্ক দানা বেঁধেছে বিশ্বজুড়ে। স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে জলের বোতল নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
হঠাৎ কেন এই নিয়ম বদল?
এর আগে গত মে মাসের মাঝামাঝি পর্যন্ত ফিফার নির্দেশিকায় বলা হয়েছিল, দর্শকরা সর্বোচ্চ এক লিটারের স্বচ্ছ ও খালি রিফিলযোগ্য জলের বোতল সঙ্গে আনতে পারবেন। স্টেডিয়ামের ভিতরকার ফাউন্টেন থেকে জল ভরে নেওয়ার সুযোগও ছিল। কিন্তু বিশ্বকাপ শুরুর ঠিক আগের মুহূর্তে সেই নীতি বদলে ফেলা হয়েছে। ফিফার সংশোধিত ‘স্টেডিয়াম কোড অব কন্ডাক্ট’ অনুযায়ী, এবার থেকে কোনও ধরনের পুনর্ব্যবহারযোগ্য জলের বোতল স্টেডিয়ামের ভিতরে নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ।
ফিফার দাবি, সম্পূর্ণ নিরাপত্তার স্বার্থেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থার মতে, গ্যালারি থেকে বোতল ছুড়ে মারার মতো অনভিপ্রেত ঘটনায় খেলোয়াড় বা অন্য দর্শকদের চোট পাওয়ার ঝুঁকি থাকে। সেই ঝুঁকি কমাতেই এই নিষেধাজ্ঞা।
সমালোচনার মুখে ফিফা
ফিফার এই যুক্তি মানতে নারাজ ফুটবলপ্রেমী ও পরিবেশবিদদের একটি বড় অংশ। সমালোচকদের অভিযোগ, নিরাপত্তার দোহাই দিয়ে আসলে দর্শকদের স্টেডিয়ামের ভিতরে চড়া দামে বোতলজাত জল কিনতে বাধ্য করা হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর প্রচণ্ড গরমে স্টেডিয়ামের ভিতরে জল নিয়ে প্রবেশ করতে না পারায় ডিহাইড্রেশন বা জলশূন্যতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পরিবেশবিদদের মতে, রিফিলযোগ্য বোতল নিষিদ্ধ করায় স্টেডিয়ামের ভিতরে একবার ব্যবহারযোগ্য (Single-use) প্লাস্টিকের বোতলের ব্যবহার বাড়বে, যা পরিবেশের জন্য চূড়ান্ত ক্ষতিকর। যদিও ফিফার পাল্টা আশ্বাস, স্টেডিয়ামের ভিতরে সাশ্রয়ী মূল্যে পানীয় জল পাওয়া যাবে এবং পর্যাপ্ত মিস্টিং স্টেশন ও জলপানের সুব্যবস্থা থাকবে।
টিকিটধারীদের জন্য সতর্কবার্তা
ইতিমধ্যেই যারা বিশ্বকাপের টিকিট কিনে ফেলেছেন, তাঁদের ই-মেলের মাধ্যমে নতুন এই নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছে। খেলোয়াড়দের জন্য ইতিমধ্যে তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ বাধ্যতামূলক করা হলেও, দর্শকদের অসুবিধার বিষয়টি শেষ পর্যন্ত ফিফা কীভাবে মোকাবিলা করে, সেটাই এখন দেখার বিষয়। স্টেডিয়ামে যাওয়ার আগে দর্শকদের নতুন এই নিয়মাবলি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।