কলকাতা স্টেশনেও এবার মেট্রো! কোন পথে চলবে নতুন লাইন? জানাল রেল

হাওড়া ও শিয়ালদহ স্টেশনের ধাঁচে এবার কলকাতা স্টেশনকেও মেট্রো মানচিত্রে যুক্ত করার উদ্যোগ নিল রেল মন্ত্রক। যাত্রী পরিষেবার উন্নতির লক্ষ্যে কলকাতা স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত একটি নতুন মেট্রো রুট তৈরির প্রাথমিক সমীক্ষার অনুমতি দেওয়া হয়েছে।

নতুন রুটের খুঁটিনাটি
মেট্রো রেল সূত্রে খবর, এই প্রকল্পের কারিগরি এবং ট্র্যাফিক সমীক্ষা শুরুর প্রস্তুতি চলছে। প্রস্তাবিত এই নতুন রুটটি ক্ষুদিরাম বসু রোড এবং বাগজোলা খালের পার্শ্ববর্তী এলাকা দিয়ে সল্টলেকের ৬ নম্বর আইল্যান্ড হয়ে করুণাময়ীতে পৌঁছাবে। করুণাময়ীতে ইতিমধ্যে গ্রিন লাইনের স্টেশন থাকায়, নতুন রুট চালু হলে মেট্রোর নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। কর্তৃপক্ষের দাবি, রুটের অধিকাংশ অংশ খালের ওপর দিয়ে যাওয়ার পরিকল্পনা থাকায় জমি অধিগ্রহণজনিত জটিলতা থাকবে না। আপাতত ৮ লক্ষ টাকা ব্যয়ে এই সমীক্ষা চালানো হবে।

চিংড়িহাটায় কাটল জট, কবে মিলবে পরিষেবা?
কলকাতা স্টেশনের নতুন প্রকল্পের পাশাপাশি শহরে মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ নিয়েও বড় আপডেট পাওয়া গেছে। দীর্ঘ দুই বছরের টালবাহানার পর অবশেষে চিংড়িহাটা এলাকায় কাজ শুরু হয়েছে। পুলিশি অনুমতি ও সুপ্রিম কোর্টের নির্দেশের পর ১৫ মে থেকে সেক্টর ফাইভ ও রুবি মেট্রো প্রকল্পের অসম্পূর্ণ অংশের কাজ জোরকদমে চলছে।

তবে মেট্রো সূত্র জানাচ্ছে, চিংড়িহাটা জট কাটলেও যাত্রী পরিষেবা শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করতে আরও ৭-৮ মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাইপাসে যান চলাচল স্বাভাবিক রেখে কাজ শেষ করাই এখন মেট্রো কর্তৃপক্ষের মূল চ্যালেঞ্জ।

শহরের মূল প্রবেশদ্বারগুলিকে মেট্রো নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার এই উদ্যোগ কার্যকর হলে কলকাতার যানজট পরিস্থিতির অনেকটাই সুরাহা হবে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা।