‘রাজনৈতিক বদল হতেই পুলিশ ধেয়ে আসছে!’ হাইকোর্টে বিস্ফোরক শেখ জাহাঙ্গীর, ‘কড়া পদক্ষেপ নয়’ সাফ জানাল আদালত

রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর একের পর এক পুরনো মামলা রুজু হওয়া নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শেখ জাহাঙ্গীর। তাঁর আবেদনের প্রেক্ষিতে আজ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। একই সঙ্গে জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজ্য জুড়ে ঠিক কতগুলি মামলা দায়ের রয়েছে, তা খতিয়ে দেখে রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
সম্প্রতি শেখ জাহাঙ্গীরের বিরুদ্ধে অত্যন্ত কম সময়ের ব্যবধানে একাধিক এফআইআর (FIR) দায়ের করে পুলিশ। আদালতের কাছে আবেদনকারীর আইনজীবীর দাবি, মাত্র এক দিনের ব্যবধানে তাঁর মক্কেলের বিরুদ্ধে ৩টি আলাদা মামলা দায়ের করা হয়েছে। এমনকি, ৯ বছর পুরনো ঘটনাকে টেনে এনেও নতুন করে মামলা রুজু করছে পুলিশ।
শেখ জাহাঙ্গীরের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের কারণেই পুলিশ এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ করছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই এফআইআরগুলি করা হচ্ছে বলে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী। সেই কারণেই আদালতের কাছে তাঁর আরজি ছিল, রাজ্য জুড়ে তাঁর বিরুদ্ধে মোট কতগুলি মামলা সচল রয়েছে, তা স্পষ্ট করে জানানো হোক।
মামলার শুনানির পর কলকাতা হাইকোর্ট আবেদনকারীকে সাময়িক স্বস্তি দিয়েছে। আদালত সাফ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেখ জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ বা দমনমূলক নীতি গ্রহণ করতে পারবে না পুলিশ। এই নির্দেশের ফলে আপাতত গ্রেফতারি বা ওই জাতীয় বড় কোনো আইনি জটিলতা থেকে সাময়িক রেহাই পেলেন জাহাঙ্গীর। তবে আদালতের পরবর্তী শুনানিতে রাজ্য সরকার কী রিপোর্ট পেশ করে, এখন সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।