আগের সব সুবিধা তো থাকবেই, উল্টে ভাতা বাড়িয়ে ২০০০ করল নতুন সরকার! জানুন কবে থেকে পাবেন

রাজ্যে নতুন সরকার গঠনের পর পরই সাধারণ মানুষের জন্য বড়সড় উপহারের ঘোষণা করল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে এক ধাক্কায় দ্বিগুণ করা হচ্ছে রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা ভাতা। বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা— এবার থেকে প্রতি ক্ষেত্রেই উপভোক্তারা দ্বিগুণ টাকা পেতে চলেছেন।

দীর্ঘদিন ধরেই রাজ্যের প্রবীণ নাগরিকরা মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পেয়ে আসছিলেন। নতুন সিদ্ধান্তের পর এখন থেকে তাঁরা মাসে ২,০০০ টাকা করে পাবেন। একই নিয়ম প্রযোজ্য হচ্ছে বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) ভাতার ক্ষেত্রেও। এই দুই সামাজিক প্রকল্পের উপভোক্তারাও এতদিন মাসে ১,০০০ টাকা পেতেন, যা বাড়িয়ে ২,০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি রাজ্যের নারী, শিশুকল্যাণ ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। দায়িত্বভার গ্রহণের পরেই তাঁর দফতর এই ভাতা বৃদ্ধির ফাইলে অনুমোদন দিয়েছে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইশতেহারে সামাজিক ভাতা দ্বিগুণ করার স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই সেই কথা রাখল নতুন মন্ত্রিসভা। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে আশ্বস্ত করে জানিয়েছিলেন যে, আগের সরকারের চালু করা কোনও সামাজিক প্রকল্প বা জনকল্যাণমূলক কাজ বন্ধ করা হবে না, বরং সেগুলির সুবিধা আরও বাড়ানো হবে।

নবান্ন সূত্রে খবর, আগামী জুন মাস থেকেই এই বর্ধিত হারের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। খুব শীঘ্রই সরকারের তরফ থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করে বিস্তারিত দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের লাখ লাখ প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম মানুষ।

Saheli Saha
  • Saheli Saha