অভিষেকের গড়ে শুভেন্দুর হানা! ফলতা ভোটের আগে ডায়মন্ড হারবারে ধুন্ধুমার টক্কর?

বঙ্গ রাজনীতির পারদ এখন তুঙ্গে। সৌজন্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবার সফর। আজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক বলে পরিচিত এই এলাকায় প্রথমবার প্রশাসনিক সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। একদিকে অভিষেকের গড় রক্ষা, অন্যদিকে আসন্ন উপনির্বাচন— সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনার এই জনপদকে ঘিরে শুরু হয়েছে টানটান উত্তেজনা।

রাজনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই শুভেন্দু অধিকারীর সংঘাত বেশি জোরালো। সেই আবহে ডায়মন্ড হারবারে শুভেন্দুর এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই মুখ্যমন্ত্রীর এই সফরের নির্ঘণ্ট চূড়ান্ত হয়েছে। প্রশাসনিক সভার পাশাপাশি সেখানে বিজেপির একটি কর্মী সম্মেলনেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

ফলতার লড়াই ও রাজনৈতিক সমীকরণ
সামনেই ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ। ২৪ মে ফলপ্রকাশ। নির্বাচন কমিশনের নির্দেশে আগে সেখানে ভোট বাতিল হলেও, এবার সম্মুখ সমরে শাসক ও বিরোধী পক্ষ। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ফলতায় এবার পরিবর্তনের হাওয়া স্পষ্ট। বিশেষ করে তৃণমূলের অন্দরে টিকিট পাওয়া নিয়ে কোন্দল প্রকাশ্যে আসায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। অন্যদিকে, তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে নিয়ে দলের একাংশের ক্ষোভ গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন দিচ্ছে।

দুর্গ রক্ষায় মরিয়া তৃণমূল
গত তিনটি লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে টানা জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা বছর এই এলাকায় নানা সমাজসেবামূলক ও সরকারি প্রকল্পের তদারকি করে নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন তিনি। স্থানীয় মানুষের কাছেও ‘ডায়মন্ড হারবার মডেল’ বেশ জনপ্রিয়। কিন্তু বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

তৃণমূলের অন্দরের খবর, দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব এবং গোষ্ঠীদ্বন্দ্ব নিচুতলার কর্মীদের বিভ্রান্ত করছে। এই সুযোগকেই কাজে লাগাতে চাইছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডায়মন্ড হারবারে শুভেন্দুর উপস্থিতি কেবল একটি প্রশাসনিক সভা নয়, বরং অভিষেকের রাজনৈতিক ভিত নাড়িয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত পদক্ষেপ।

এখন দেখার, ভোটের আগে এই হাইভোল্টেজ সফর ফলতার ব্যালট বক্সে কতটা প্রভাব ফেলে।