লখনউয়ের ভিআইপি এলাকায় জলের দরে জমি! ৩০০০ কোটির সম্পত্তি নিলামে তুলল যোগী সরকার, কীভাবে পাবেন?

উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের বুকে নিজের এক টুকরো জমি বা মনের মতো ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য এল এক ধামাকা খবর। লখনউ ডেভেলপমেন্ট অথরিটি (LDA) তাদের একাধিক মেগা প্রজেক্টের অধীনে আবাসিক প্লট, দোকান এবং ফ্ল্যাটের ই-নিলাম (E-Auction) শুরু করেছে। গোমতী নগর এক্সটেনশন এবং বসন্ত কুঞ্জের মতো ভিআইপি এলাকা-সহ মোট ৪৭৫টি সম্পত্তি বাজারে এনেছে কর্তৃপক্ষ, যার সম্মিলিত বাজারমূল্য প্রায় ৩,০০০ কোটি টাকা।

ভিআইপি এলাকায় থাকার সুযোগ
এলডিএ-র সহ-সভাপতি প্রথমেশ কুমারের নির্দেশ অনুযায়ী, এই ই-নিলামে ১৪৯টি আবাসিক প্লট রাখা হয়েছে। ২৫ বর্গমিটার থেকে ৩০০ বর্গমিটার পর্যন্ত বিভিন্ন আয়তনের জমি পাওয়ার সুযোগ থাকছে এখানে। বিশেষ আকর্ষণ হিসেবে গোমতী নগর এক্সটেনশনের সেক্টর ৬-এ ১২টি নতুন প্লটের পরিকল্পনা করা হয়েছে। প্রতি বর্গমিটারে ৩৬,০০০ টাকা সংরক্ষিত মূল্য রাখা হয়েছে, অর্থাৎ ৪০ লক্ষ থেকে ৮২ লক্ষ টাকার মধ্যেই মিলতে পারে আপনার স্বপ্নের ঠিকানা।

শিক্ষা ও আবাসন প্রকল্পে বিশেষ জোর
শহরের পরিকাঠামো বদলে দিতে ‘অনন্ত নগর’ প্রকল্পটিকে একটি আস্ত ‘এডু সিটি’ (Edu City) হিসেবে গড়ে তুলছে প্রশাসন। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৯টি বিশেষ প্লট নিলামে তোলা হয়েছে। এছাড়া কানপুর রোড এবং বসন্ত কুঞ্জেও স্কুলের জন্য জমি বরাদ্দ থাকছে। অন্যদিকে, ঘনবসতিপূর্ণ ওয়াজিরগঞ্জ এলাকায় আবাসন সংকট মেটাতে জগৎ নারায়ণ রোডে চারটি বড় প্লট রাখা হয়েছে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য।

ব্যবসায়ীদের জন্যও লক্ষ্মীলাভের সুযোগ
নতুন ব্যবসা শুরু করতে চান? এলডিএ এবার গোমতী নগর, চক, বালাগঞ্জ এবং কানপুর রোডের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ৫০টিরও বেশি দোকান ও প্ল্যাটফর্ম নিলামে তুলেছে। এছাড়া গ্রিনউড, সরযূ বা নেহরু এনক্লেভের মতো নামী অ্যাপার্টমেন্টে তৈরি ফ্ল্যাট কেনার সুযোগও থাকছে সাধারণ মানুষের জন্য।

আবেদন করবেন কীভাবে?
এই ই-নিলামে অংশ নিতে হলে আগ্রহী ক্রেতাদের এলডিএ-এর অফিশিয়াল ই-নিলাম পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আগামী ২৮ মে পর্যন্ত চালু থাকবে। নিলামে বিড করার জন্য সম্পত্তির সংরক্ষিত মূল্যের (Reserved Price) ১০ শতাংশ টাকা বায়না বা ইএমডি (EMD) হিসেবে আগে জমা দিতে হবে।

লখনউয়ের মতো ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল শহরে সম্পত্তির মালিক হওয়ার এমন সুযোগ খুব কমই আসে। তাই দেরি না করে আজই বিস্তারিত তথ্য দেখে নিন পোর্টালে।