সাবধান! আপনার সন্তানের প্রিয় চিপস-নুডলস ডেকে আনছে ভয়ঙ্কর রোগ, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ব্যস্ত জীবনযাত্রায় শিশুদের বায়না মেটাতে আমরা অনেক সময় তাদের হাতে চিপস, প্যাকেটজাত স্ন্যাকস কিংবা ইনস্ট্যান্ট নুডলস তুলে দিই। কিন্তু আদর করে দেওয়া এই খাবারগুলোই আপনার আদরের সন্তানের শরীরে দীর্ঘমেয়াদী বিষক্রিয়া ঘটাচ্ছে না তো? স্পেনের ‘স্যান্ডো’ (SANDO) প্রকল্পের অধীনে পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে অত্যন্ত উদ্বেগের খবর। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিরিক্ত প্যাকেটজাত খাবার খাওয়ার ফলে কেবল পেটের গোলমালই নয়, শিশুদের মধ্যে হাঁপানি বা অ্যাজমার ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে।

গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
৪ থেকে ৫ বছর বয়সী প্রায় ৭০০ শিশুর ওপর দীর্ঘ চার বছর ধরে এই গবেষণা চালানো হয়। তাঁদের নিয়মিত খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করে দেখা গেছে, যে শিশুরা চিপস, বার্গার এবং অতি-প্রক্রিয়াজাত খাবার (Ultra-processed foods) বেশি খায়, তাদের ফুসফুসের ক্ষমতা অন্যদের তুলনায় দ্রুত হ্রাস পাচ্ছে।

কেন এই খাবারগুলো বিষতুল্য?
গবেষণায় দেখা গেছে, অতি-প্রক্রিয়াজাত খাবারে থাকা রাসায়নিক পদার্থ, কৃত্রিম প্রিজারভেটিভ এবং ফ্লেভার সরাসরি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয়। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োম নষ্ট করে শরীরে ‘অক্সিডেটিভ স্ট্রেস’ বাড়ায়, যার চূড়ান্ত প্রভাব পড়ে ফুসফুসের ওপর। এর ফলেই শুরু হয় শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যা।

বিপদের পরিসংখ্যান: আপনি কোন পর্যায়ে?
গবেষণায় ধরা পড়েছে যে, খাবারে অতি-প্রক্রিয়াজাত উপাদানের পরিমাণ বাড়লে ঝুঁকির মাত্রাও পাল্লা দিয়ে বাড়ে:

সামান্য গ্রহণ করলে: হাঁপানির ঝুঁকি ৩ শতাংশ।

মাঝারি পরিমাণে খেলে: ঝুঁকি বেড়ে দাঁড়ায় ১০ শতাংশ।

অত্যধিক পরিমাণে খেলে: ঝুঁকি লাফিয়ে বেড়ে দাঁড়ায় ১৭ শতাংশে।

বিশেষজ্ঞদের মতে, এই খাবারগুলো কেবল শ্বাসকষ্ট নয়, ভবিষ্যতে অন্ত্রের ক্যান্সারের ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

শিশুর সুরক্ষা নিশ্চিত করতে খাদ্যাভ্যাসে আনুন এই ৫ বদল:

আপনার সন্তানকে সুস্থ রাখতে চিকিৎসকেরা নিচের টিপসগুলো মেনে চলার পরামর্শ দিচ্ছেন:

তাজা ফল ও সবজি: প্যাকেটজাত খাবারের বদলে প্রতিদিনের পাতে পর্যাপ্ত সিজনাল ফল এবং রঙিন সবজি রাখুন।

ঘরের তৈরি খাবার: বাইরের চিপস বা বার্গারের বিকল্প হিসেবে বাড়িতেই স্বাস্থ্যকর স্ন্যাকস তৈরি করুন।

প্রোটিনের জোগান: ডালে থাকা প্রোটিন এবং ক্যালসিয়ামের জন্য দুধ শিশুদের হাড় ও ফুসফুসের গঠনে অত্যন্ত কার্যকর।

হোল গ্রেইন বা গোটা শস্য: রিফাইন করা ময়দার বদলে আটা বা ওটসের মতো খাবার হজমে সহায়তা করে।

চিনি ও লবণ নিয়ন্ত্রণ: প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি ও সোডিয়াম থাকে, যা থেকে শিশুকে দূরে রাখা জরুরি।

সময় থাকতে সচেতন না হলে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ এই রঙিন প্যাকেটের আড়ালেই হারিয়ে যেতে পারে। আজই তাঁর খাবারের থালাটি একবার ভালো করে পরীক্ষা করে দেখুন।