পকেট ফ্রেন্ডলি স্পটিফাই! ইউটিউবকে রুখতে একধাক্কায় কমল প্রিমিয়াম মেম্বারশিপের খরচ

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে গান শোনার প্রিয় ঠিকানা এখন মিউজিক স্ট্রিমিং অ্যাপ। আর এই তালিকায় বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো সুইডেনের স্পটিফাই। ব্যবহারকারীর মুড বুঝে গান সাজিয়ে দেওয়ার ক্ষমতার জন্য এই অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। তবে এবার ভারতীয় গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে এল সংস্থাটি। ইউটিউব মিউজিকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে নিজেদের প্রিমিয়াম প্ল্যানের খরচ একধাক্কায় অনেকটাই কমিয়ে দিল স্পটিফাই।

একনজরে নতুন দামের তালিকা
ভারতে দীর্ঘদিন ধরেই স্পটিফাই প্রিমিয়াম পরিষেবা চালু রয়েছে। তবে বুধবার সংস্থাটি তাদের বিভিন্ন প্ল্যানের মূলে বড়সড় বদল এনেছে।

স্ট্যান্ডার্ড প্ল্যান: আগে যে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড প্ল্যানের জন্য মাসে ১১৯ টাকা খরচ করতে হতো, এখন তা কমে হয়েছে মাত্র ৫৯ টাকা।

স্টুডেন্ট প্ল্যান: পড়ুয়াদের জন্য স্টুডেন্ট প্ল্যানটি আরও সাশ্রয়ী করা হয়েছে। আগে যা ৫৯ টাকা ছিল, এখন তা কমিয়ে করা হয়েছে মাত্র ৩৯ টাকা।

প্লাটিনাম প্ল্যান: যারা সর্বোচ্চ মানের অডিও অভিজ্ঞতা চান, তাদের জন্য স্পটিফাই প্লাটিনাম প্ল্যানের দাম রাখা হয়েছে মাসে ১৯৯ টাকা।

তবে এর মাঝেই একটি খবর কিছুটা মন খারাপ করতে পারে বাজেট ব্যবহারকারীদের। গত বছরের নভেম্বরে চালু হওয়া ‘প্রিমিয়াম লাইট’ প্ল্যানটি মাত্র ছয় মাসের মাথাতেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

স্টুডেন্ট প্ল্যান পেতে কী প্রয়োজন?
পড়ুয়াদের জন্য বিশেষ ছাড় থাকলেও এটি পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হবে। শুধুমাত্র সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত পড়ুয়ারা এই সুবিধা পাবেন। কোনো শর্ট-টার্ম বা স্বল্পমেয়াদী কোর্সের শিক্ষার্থীরা এই তালিকায় অন্তর্ভুক্ত হবেন না।

এই সুবিধা পেতে ব্যবহারকারীকে তার ভর্তির রশিদ, কলেজের আইডি কার্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল ইমেল ডোমেন ব্যবহার করে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সফল ভেরিফিকেশনের পরেই ৩২০ কেবিপিএস (320kbps) উচ্চমানের অডিও এবং বিজ্ঞাপনহীন গান শোনার সুযোগ পাবেন পড়ুয়ারা।

কেন এই আকস্মিক দাম কমানো?
স্পটিফাই তাদের খরচ কমানোর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা এর পেছনে রয়েছে বাণিজ্যিক লড়াই। বর্তমানে ইউটিউব মিউজিক যেভাবে ভারতীয় বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করছে, তার সঙ্গে পাল্লা দিতেই স্পটিফাই এই আগ্রাসী কৌশল নিয়েছে। মূলত তরুণ প্রজন্ম এবং কলেজ পড়ুয়াদের নিজেদের প্ল্যাটফর্মে ধরে রাখাই এখন সংস্থাটির মূল লক্ষ্য।