ধামাকা ঘোষণা! ৫ টাকার মা ক্যান্টিনে এবার মিলবে মাছ-ভাত, কোন পথে হাঁটছে শুভেন্দু সরকার?

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই একের পর এক মেগা সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন। এবার আমজনতার সুবিধার্থে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ বড় ঘোষণা করলেন দিলীপ ঘোষ। মা ক্যান্টিনের ভোলবদল থেকে শুরু করে শব্দদূষণ রুখতে কড়া পদক্ষেপ— কী কী বদল আসছে আপনার দৈনন্দিন জীবনে? একনজরে দেখে নিন বিস্তারিত।
৫ টাকায় এবার মাছ-ভাত! মা ক্যান্টিন নিয়ে বড় খবর
এতদিন মা ক্যান্টিনে ৫ টাকায় ডিম-ভাত মিলত। এবার সেই মেনুতেই আসতে চলেছে বড়সড় চমক। দিলীপ ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশমতো এই প্রকল্প সচল রাখা হবে এবং খাবারের গুণমান ও পরিমাণ বাড়ানো হবে।
নতুন মেনু: ডিম-ভাতের পাশাপাশি খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে মাছ-ভাত।
দাম: আপাতত ৫ টাকাই থাকছে। তবে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সামান্য দাম বাড়তে পারে।
বকেয়া বেতন: আগের জমানার অনেক কর্মীর বেতন বাকি রয়েছে। দিলীপবাবু জানান, ধাপে ধাপে সেই সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
মাদার ডেয়ারি ও গুণমান পরীক্ষা
আনুষঙ্গিক পণ্যের দাম বাড়ায় এবার মাদার ডেয়ারি দুধের দাম বাড়তে চলেছে। তবে দাম বাড়ার সঙ্গে সঙ্গে গুণমানের ওপর কড়া নজর দিচ্ছে সরকার।
“দুধ স্বাস্থ্যের জন্য খাওয়া হয়, কিন্তু নানারকম কেমিক্যাল মেশানো হচ্ছে। এর আগে পরীক্ষায় অনেক প্রোডাক্ট ফেল করেছিল। এবার গুণমান যাচাই করে তবেই বাজারে ছাড়া হবে,” জানান তিনি।
বুলডোজার অপারেশন ও মেট্রো প্রকল্পের গতি
কলকাতা শহরে বুলডোজার নামা নিয়ে দিলীপ ঘোষের সাফ কথা, “পরিস্থিতি আমাদের বাধ্য করেছে। আইনের উর্ধ্বে কেউ নয়।” পাশাপাশি অরেঞ্জ লাইন মেট্রোর কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, আগের সরকার বারবার কোর্টে গিয়ে উন্নয়নের কাজ আটকে দিয়েছিল, যা এখন দ্রুত গতিতে শেষ করা হবে।
ডিজে ও শব্দদূষণ রুখতে কড়া আইনি দাওয়াই
উৎসবের মরশুমে তারস্বরে ডিজে বাজানো আর সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ডিজে বক্স: বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে যেকোনো উৎসবে ডিজে বাজানো অমানবিক ও বিজ্ঞানের অপব্যবহার বলে সরব হন তিনি।
লাউডস্পিকার: হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার জন্যই শব্দবিধি সমান থাকবে। যারা আইন মানবেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
পশুহত্যা: প্রকাশ্যে পশুহত্যা বন্ধের আদালতের পুরনো নির্দেশকে নতুন করে কার্যকর করার জন্য রিমাইন্ডার দেওয়া হচ্ছে।
ট্রাফিক সচেতনতা ও হেলমেট
রাস্তায় বেরোলে এবার থেকে হেলমেট বাধ্যতামূলক। দিলীপ ঘোষের মতে, সাধারণ মানুষ আইন মানতে চাইলেও কিছু রাজনৈতিক নেতা তাঁদের উস্কানি দিচ্ছিল। এবার সেই দিন শেষ। নিরাপত্তার স্বার্থে সকলকেই ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।