স্কুল খুললেই কি বদলে যাচ্ছে নিয়ম? বন্দে মাতরম নিয়ে নয়া ফরমান শিক্ষা দফতরের!

রাজ্যের স্কুলগুলোতে প্রার্থনার সময় এবার বড় বদল আসতে চলেছে। শিক্ষা দফতরের পক্ষ থেকে জারি করা এক নতুন নির্দেশে জানানো হয়েছে, আজ অর্থাৎ বুধবার থেকেই রাজ্যের স্কুলগুলোতে প্রার্থনার সময় জাতীয় সংগীতের পাশাপাশি গাইতে হবে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে বিশেষ বার্তা পাঠিয়েছে শিক্ষা দফতর।

নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে যে, এখন থেকে স্কুলগুলোতে প্রার্থনার সময় জাতীয় সংগীত ‘জনগণমন’-র পাশাপাশি ‘বন্দে মাতরম’ গাইতে হবে পড়ুয়াদের। শুধু তাই নয়, নির্দিষ্ট দিনে এই নিয়ম পালন করা হলো কি না, সেই বিষয়েও স্কুল কর্তৃপক্ষকে দফতরে নিয়মিত রিপোর্ট জমা দিতে হবে।

এর আগে তৃণমূল সরকারের আমলে রবীন্দ্রসংগীত ‘বাংলার মাটি বাংলার জল’-কে রাজ্য সংগীত হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং প্রতিটি স্কুলে প্রার্থনার সময় সেটি গাওয়া বাধ্যতামূলক ছিল। তবে রাজ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রার্থনার নিয়ম নিয়ে এমন বড় পদক্ষেপ গ্রহণ করা হলো।

শিক্ষা দফতর সূত্রে খবর, গতকালই প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে এই নয়া নির্দেশের কথা জানানো হয়েছে। তবে রাজ্য সংগীত আর গাওয়া হবে কি না, সেই নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। ফলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, পড়ুয়াদের প্রার্থনার সময় জাতীয় সংগীত, রাজ্য সংগীত এবং রাষ্ট্রীয় গীত—তিনটিই গাইতে হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বন্দে মাতরম নিয়ে একটি বিশেষ নির্দেশিকা জারি করেছিল। সেখানে জানানো হয়েছিল যে, এখন থেকে বন্দে মাতরমের ৬টি স্তবকই গাইতে হবে এবং গানটি বাজার সময় শ্রোতাদের সম্মান জানিয়ে উঠে দাঁড়াতে হবে। পাশাপাশি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাও সম্প্রতি একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে, যেখানে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীত ‘জনগণমন’-র সমমর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রের সেই সুরেই এবার রাজ্যের শিক্ষা দফতর স্কুলে স্কুলে বন্দে মাতরম চালুর প্রক্রিয়া শুরু করল বলে মনে করা হচ্ছে।