শান্তিকুঞ্জ ছেড়ে এবার ‘সৌজন্য’! শুভেন্দুর নতুন ঠিকানায় এলাহি ব্যবস্থা, কোথায় থাকবেন মুখ্যমন্ত্রী?

বাংলার রাজনৈতিক আকাশে নতুন সূর্যোদয়। বিরোধী দলনেতা থেকে এখন তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান। ৯ মে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর শপথের পরেই তুঙ্গে উঠেছে একটি প্রশ্ন— কলকাতায় কোথায় থাকবেন মুখ্যমন্ত্রী? পৈতৃক বাড়ি কাঁথিতে হলেও, প্রশাসনিক কাজের সুবিধার্থে এবার তাঁর কলকাতার ঠিকানায় আসছে বড় বদল।

কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে আলিপুরের ‘সৌজন্য’
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৈতৃক বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথির বিখ্যাত ‘শান্তিকুঞ্জ’। এতদিন কলকাতায় এলে তিনি তাঁর নিজস্ব ফ্ল্যাটেই থাকতেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর নিরাপত্তার খাতিরে এবং পোটোকল মেনে তাঁর থাকার জন্য বেছে নেওয়া হচ্ছে আলিপুরের অভিজাত বাংলো ‘সৌজন্য’-কে। ২০১৮ সালে ভিভিআইপি অতিথিদের জন্য এই ভবনটি তৈরি করেছিল তৎকালীন সরকার। সূত্রের খবর, এই ‘সৌজন্য’-ই হতে চলেছে বর্তমান মুখ্যমন্ত্রীর স্থায়ী বাসভবন। ইতিমধ্যেই সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পূর্ত দফতরের আধিকারিকরা প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকও সেরে ফেলেছেন।

মুখ্যমন্ত্রীর পাতে সর্ষে ইলিশ ও ঘরোয়া ছোঁয়া
শনিবার শপথ নেওয়ার পর রাতেই বাড়ির টানে কাঁথি ফিরে গিয়েছিলেন শুভেন্দু। রবিবার দিনভর তিনি ‘শান্তিকুঞ্জ’-এই ছিলেন। ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। রাজনীতির মারপ্যাঁচ সরিয়ে এদিন একদম ঘরোয়া মেজাজে ধরা দেন শুভেন্দু। মা ও মাসির হাতের যত্ন করে রান্না করা খাবার খেয়েছেন পাত পেড়ে। মেনুতে ছিল করলা সেদ্ধ, মোচার তরকারি থেকে শুরু করে সর্ষে ইলিশ ভাপা ও মুরগির মাংস। দুপুরের এই ঘরোয়া ভোজ সেরেই বিকেলের দিকে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি।

আজ নবান্নে ‘অ্যাকশন ডে’
সোমবার থেকেই পূর্ণ উদ্যমে কাজ শুরু করছেন মুখ্যমন্ত্রী। আজ সকাল সাড়ে ১১টায় নবান্ন সভাঘরে বসবে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শুরুর আগে মুখ্যমন্ত্রীকে প্রথা মেনে দেওয়া হবে ‘গার্ড অফ অনার’।

আজকের আলোচ্য বিষয়:

কেন্দ্রীয় প্রকল্প: রাজ্যে আটকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্প দ্রুত চালু করা নিয়ে আলোচনা হতে পারে।

প্রশাসনিক বৈঠক: মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সব বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি।

আইনশৃঙ্খলা: সব জেলার জেলাশাসক ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তাঁর।

মুখ্যমন্ত্রী পদে বসার পর শুভেন্দু স্পষ্ট করে দিয়েছেন— ‘কথা কম, কাজ বেশি’। সেই লক্ষ্যেই আজ প্রথম দিন থেকে প্রশাসনিক রাশ শক্ত হাতে ধরতে চলেছেন তিনি।