লক্ষ্মীলাভ সরকারি কর্মীদের! ডিএ একধাক্কায় পৌঁছে গেল ৬০ শতাংশে, কোন রাজ্যের কর্মীদের খুলল কপাল?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বাড়ার পর থেকেই একের পর এক রাজ্য সরকার নিজেদের কর্মীদের জন্য সুখবর শোনাচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখাল উত্তর-পূর্ব ভারতের অন্যতম রাজ্য অরুণাচল প্রদেশ। রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একধাক্কায় ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল সেখানের সরকার। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার কর্মীর বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
মহার্ঘ ভাতা এখন ৬০ শতাংশ
অরুণাচল প্রদেশ সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্য সরকারি কর্মীরা এতদিন ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। ২ শতাংশ বৃদ্ধির ফলে তা এখন পৌঁছে গেল ৬০ শতাংশে। বুধবার (৬ মে) মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর কার্যালয় (CMO) থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই বর্ধিত মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ (DR) ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, গত কয়েক মাসের বকেয়া টাকাও বা এরিয়ার হিসেবে হাতে পাবেন কর্মীরা।
রাজ্য কোষাগারে ১০০ কোটির বোঝা
ডিএ ও ডিআর বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের ওপর আর্থিক চাপ বাড়তে চলেছে। সরকারি হিসেব অনুযায়ী, এই নতুন সিদ্ধান্তের ফলে অরুণাচল প্রদেশ সরকারের কোষাগারের ওপর আনুমানিক ১০০.৫৪ কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে। তা সত্ত্বেও মুদ্রাস্ফীতির বাজারে সরকারি কর্মীদের স্বস্তি দিতেই এই পদক্ষেপ নিয়েছে সেখানের সরকার।
বাংলায় কি তবে ফিরবে সুদিন?
সম্প্রতি কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিল। সেই ঘোষণার পর একের পর এক বিজেপি শাসিত রাজ্য কেন্দ্রের সঙ্গে সমান্তরালে ডিএ বৃদ্ধি করছে। তবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের চিত্রটা বেশ ভিন্ন। বাংলার রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে মাত্র ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যা কেন্দ্রের তুলনায় আকাশ-পাতাল তফাত।
রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এখন ক্ষমতার পালাবদল ঘটেছে। রাজনৈতিক মহলে এখন একটাই জল্পনা— অরুণাচল প্রদেশ বা কেন্দ্রের মতো বাংলার নতুন সরকারও কি রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের ডিএ-র দাবি মেটাবে? রাজভবনে নতুন শপথের পরেই কি তবে বাংলার সরকারি কর্মীদের ভাগ্যের চাকা ঘুরবে? সেদিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী।