বিজয় কি তবে ‘ক্লিন বোল্ড’? রাজ্যপালের কড়া প্রশ্নের মুখে অভিনেতা, চেন্নাইয়ের কুর্সিতে বসা নিয়ে চরম নাটক!

বিপুল ভোটে জিতলেন, মানুষের সমর্থন পেলেন, তবুও রাজভবনের চৌকাঠ পেরিয়ে ক্ষমতার অলিন্দে প্রবেশ করতে পারছেন না দক্ষিণী সুপারস্টার তথা টিভিকে (TVK) প্রধান বিজয়। গতকালের পর আজ, বৃহস্পতিবারও রাজ্যপাল আরভি আরলেকারের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে খালি হাতেই ফিরতে হলো এই অভিনেতা-রাজনীতিবিদকে। ফলে বিজয়ের শপথ গ্রহণ নিয়ে যে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা ছিল, তা এক ধাক্কায় অনিশ্চয়তার মুখে পড়ল।
গণিতের জাঁতাকলে থলপতি
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (TVK) ১০৮টি আসনে জয়লাভ করে তাক লাগিয়ে দিয়েছে। জয়ের উচ্ছ্বাস থাকলেও মসনদ দখলের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। কংগ্রেস ইতিপূর্বেই বিজয়কে সমর্থনের বার্তা দিলেও ম্যাজিক ফিগার ছুঁতে এখনও ৫ জন বিধায়কের ঘাটতি রয়েছে তাঁর। আর এই সমীকরণই এখন বিজয়ের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
রাজ্যপালের কড়া প্রশ্ন
সূত্রের খবর, আজ বৃহস্পতিবার বিজয়কে লোক ভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। সেখানে অভিনেতার সামনে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন রাখেন তিনি। রাজ্যপালের প্রধান জিজ্ঞাসা ছিল— মাত্র ১১৩ জন বিধায়কের (টিভিকে এবং কংগ্রেস মিলিয়ে) সমর্থন নিয়ে কীভাবে একটি স্থায়ী সরকার পরিচালনা করবেন বিজয়?
এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ভবিষ্যতে সরকার টিকিয়ে রাখতে টিভিকে অন্য কোন আঞ্চলিক দলের সাথে জোট বাঁধবে, সেই ব্লু-প্রিন্টও জানতে চান রাজ্যপাল। জবাবে বিজয় জানান, তিনি সিপিএম ও আরও কিছু ছোট দলের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী এবং প্রয়োজনে বিধানসভায় ‘ফ্লোর টেস্ট’ বা আস্থা ভোট দিতেও পিছপা হবেন না। তবে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন না দেখানো পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়।
রিসোর্ট পলিটিক্স ও এআইএডিএমকে-র চাল
এদিকে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ‘রিসোর্ট পলিটিক্স’। গুঞ্জন ছিল যে, এআইএডিএমকে-র (AIADMK) একটি বড় অংশ বিজয়কে সমর্থন দিতে পারে। তবে সেই জল্পনায় জল ঢেলে পালানিস্বামী শিবির তাদের নব-নির্বাচিত বিধায়কদের তড়িঘড়ি একটি হোটেলে সরিয়ে নিয়ে গিয়েছে। দলের অন্দরে যাতে কোনোভাবেই ভাঙন না ধরে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতির পারদ এখন তুঙ্গে। বিজয় কি পারবেন শেষ মুহূর্তে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে ইতিহাস গড়তে? না কি প্রথম নির্বাচনেই জোট-রাজনীতির গ্যাঁড়াকলে থমকে যাবে তাঁর জয়যাত্রা? উত্তর এখন সময়ের অপেক্ষায়।