১৮ মে-র চূড়ান্ত দলে নেইমার থাকছেন তো? ক্যাসিমিরোর এক মন্তব্যে ঘুম উড়ল ব্রাজিল ভক্তদের!

হেক্সা জয়ের লক্ষ্য নিয়ে আরও একবার কোমর বাঁধছে সাম্বা ব্রিগেড। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু কোটি কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন— দলে কি থাকবেন নেইমার জুনিয়র? ২০২৩ সাল থেকে চোটের কবলে পড়ে জাতীয় দলের বাইরে থাকা এই মহাতারকাকে নিয়ে এবার নীরবতা ভাঙলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ কার্লোস হেনরিক ক্যাসিমিরো।
নেইমারকে নিয়ে নতুন ছক আনচেলত্তির?
ব্রাজিলীয় ফুটবলের ইতিহাসে গত ছয় দশকে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। ইতালীয় এই কোচের অধীনে ২০২৬ বিশ্বকাপে নেইমারের ভূমিকা ঠিক কী হবে, তা নিয়ে ধন্দ কাটছে না। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ক্যাসিমিরোর মতে, নেইমারের বর্তমান ফিটনেস পরিস্থিতি বিচার করে তাঁকে হয়তো পুরো ৯০ মিনিট খেলানো সম্ভব হবে না। সে ক্ষেত্রে রিজার্ভ বেঞ্চে রেখে নির্দিষ্ট কিছু সময়ের জন্য সুপার-সাব হিসেবে নেইমারকে ব্যবহার করা যেতে পারে।
বেঞ্চে বসতেও রাজি নেইমার!
ক্যাসিমিরো একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশের হয়ে শেষ বিশ্বকাপ জেতার জন্য নেইমার কতটা মরিয়া। তিনি বলেন, “নেইমার সবসময় বলে— আমাকে বল দাও, চলো মজা করে ফুটবল খেলি। আমার মনে হয়, আনচেলত্তি যদি ওকে বেঞ্চে বসার কথা বলেন, ও তাতেও রাজি হয়ে যাবে। কারণ ওর কাছে এখন প্রধান লক্ষ্য হলো বিশ্বকাপে দলের হয়ে অবদান রাখা।”
চোট ও ফিটনেসের লড়াই
২০২৩ সালে গুরুতর চোট পাওয়ার পর থেকে নেইমারের কেরিয়ারে কালো মেঘ ঘনিয়েছে। সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে মাত্র ৭টি ম্যাচ খেলার পর তাঁর চুক্তি বাতিল হয়। বর্তমানে নিজের ছেলেবেলার ক্লাব স্যানটোস এফসিতে ফিরে গিয়েছেন তিনি। ২০২৫ সালে স্যানটোসে যোগ দেওয়ার পর থেকেই নিজের ফিটনেস পুনরুদ্ধারে জানপ্রাণ লড়িয়ে দিচ্ছেন নেইমার। তবে প্রশ্ন একটাই— ১৮ মে-র আগে কি আনচেলত্তির বেঁধে দেওয়া ‘ফিটনেস লেভেলে’ পৌঁছাতে পারবেন এই ফুটবল জাদুকর?
অভিজ্ঞতা বনাম তারুণ্য
ব্রাজিল দলে বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগোর মতো তরুণ তুর্কিদের ছড়াছড়ি। ক্যাসিমিরোর মতে, নেইমারের অভিজ্ঞতা দলের জন্য সম্পদ। ফিটনেস নিয়ে সমস্যা থাকলেও ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি দলের মানসিক জোর বাড়িয়ে দেয়। এখন দেখার, রিয়াল মাদ্রিদের প্রাক্তন বস আনচেলত্তি তাঁর রণকৌশলে নেইমারকে কতটা জায়গা দেন।