৬০% ডিএ-তে সিলমোহর! ১ কোটিরও বেশি কর্মীর অ্যাকাউন্টে কি মাস শেষেই ঢুকবে বাড়তি টাকা?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য প্রতীক্ষার অবসান! দীর্ঘ জল্পনার পর অবশেষে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধির চূড়ান্ত ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। গত ১৮ এপ্রিল ক্যাবিনেট মিটিংয়ে ডিএ ২% বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। ফলে বর্তমানে ডিএ-র হার ৫৮% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬০%। এর ফলে সরাসরি উপকৃত হবেন প্রায় ১ কোটি ১৯ লক্ষ মানুষ।
এপ্রিলের বেতনেই কি মিলবে বাড়তি টাকা?
১৮ এপ্রিল মন্ত্রিসভা এই অনুমোদন দিলেও এপ্রিলের বেতনের সাথেই কি বর্ধিত টাকা পাওয়া যাবে? এই প্রশ্নেই এখন তোলপাড় কর্মচারী মহল। ‘অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন’ (AI-NPS-EF)-এর জাতীয় সভাপতি মনজিৎ প্যাটেল জানিয়েছেন, এপ্রিলের বেতনের সাথে এই বর্ধিত ডিএ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কারণ মাসের মাঝামাঝি সময়ের পর এই ঘোষণা হওয়ায় ততক্ষণে বেতনের প্রক্রিয়া (Payroll processing) অনেকটাই সম্পন্ন হয়ে গিয়েছে।
বড় ধামাকা মে মাসে!
তবে নিরাশ হওয়ার কারণ নেই। মনে করা হচ্ছে, আগামী মে মাসের বেতনের সাথেই বর্ধিত ডিএ এবং ডিআর যুক্ত হবে। যেহেতু এই ডিএ ২০২৬-এর জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা, তাই মে মাসের বেতনের সাথে জানুয়ারি থেকে এপ্রিল— টানা ৪ মাসের বকেয়া (Arrears) একলপ্তে ঢুকতে পারে কর্মীদের অ্যাকাউন্টে। এর ফলে এক বিশাল অঙ্কের টাকা হাতে পেতে পারেন ৫০.৪৬ লক্ষ কেন্দ্রীয় কর্মী ও ৬৮.২৭ লক্ষ পেনশনভোগী।
১৮ মাসের বকেয়া ও অষ্টম বেতন কমিশন
ডিএ বৃদ্ধির খুশির মাঝেই ১৮ মাসের বকেয়া ডিএ (২০২০-২১ অর্থবর্ষের) নিয়ে দাবি দাওয়া জারি রেখেছে সংগঠনগুলো। গত ১৫ এপ্রিল অর্থ মন্ত্রক এই বকেয়া মেটাতে অসম্মতি জানালেও, কর্মীদের দাবি— সরকারের উচিত অষ্টম বেতন কমিশনের মাধ্যমে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ বাড়িয়ে ক্ষতিপূরণ দেওয়া।
এক নজরে ডিএ আপডেট:
নতুন ডিএ হার: ৬০%।
মোট উপভোক্তা: ১ কোটি ১৯ লক্ষ।
সম্ভাব্য পাওনা: মে মাসে ৪ মাসের এরিয়ার-সহ বর্ধিত বেতন।