২ বছর ধরে পুষে রাখা ক্ষোভ! শিক্ষককে রাস্তায় একা পেয়ে লোহার রড দিয়ে নারকীয় হামলা প্রাক্তন ছাত্রের

কথাতেই আছে, ‘বিবেকের চেয়ে বড় আদালত আর নেই’, কিন্তু অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় এক ছাত্রের প্রতিহিংসার আগুন সমস্ত সীমা ছাড়িয়ে গেল। মাত্র দুই বছর আগে ক্লাসে বকুনি খেয়েছিলেন শিক্ষককের কাছে, আর সেই ‘অপমান’ সহ্য করতে না পেরে শিক্ষকের প্রাণ নেওয়ার চেষ্টা করল এক প্রাক্তন ছাত্র। এই নজিরবিহীন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পালাকোল্লু এলাকায়।

ওত পেতে ছিল আততায়ী ছাত্র
আক্রান্ত শিক্ষকের নাম কুক্কাল ভেঙ্কট রাজসুরেশ। তিনি লঙ্কালাকোডেরু জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার (Physical Education) শিক্ষক। মঙ্গলবার রাতে একটি সরকারি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ভোগেশ্বরম নর্দমা সেতুর কাছে পৌঁছালে আগে থেকে অন্ধকার ওত পেতে থাকা ওই ছাত্রটি আচমকা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। লোহার রড দিয়ে শিক্ষকের মাথায় সজোরে আঘাত করা হয়। রক্তাত অবস্থায় শিক্ষক মাটিতে লুটিয়ে পড়লে সেখানেই থামেনি উন্মত্ত ছাত্রটি।

স্থানীয়দের রুদ্রমূর্তি, উন্মত্ত আচরণ ছাত্রের
গুরুতর আহত শিক্ষক যখন যন্ত্রণায় ছটফট করছেন, তখন স্থানীয়রা তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। কিন্তু অভিযুক্ত ছাত্রটি এতটাই ক্ষিপ্ত ছিল যে, সে রাস্তার পাশের বড় বড় পাথর তুলে আহত শিক্ষকের দিকে ছুঁড়তে শুরু করে। উপস্থিত জনতা কোনোমতে তাকে কাবু করে এবং রক্তাক্ত অবস্থায় রাজসুরেশকে উদ্ধার করে পালাকোল্লুর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নরসাপুরমের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কেন এই চরম জিঘাংসা?
পুলিশি তদন্তে উঠে এসেছে এক অবাক করা তথ্য। অভিযুক্ত বর্তমানে ইন্টারমিডিয়েটের ছাত্র। প্রায় দুই বছর আগে, যখন সে দশম শ্রেণিতে পড়ত, তখন শৃঙ্খলার খাতিরে শিক্ষক রাজসুরেশ তাকে বকাঝকা করেছিলেন। সেই সাধারণ শাসনকেই ‘চরম অপমান’ হিসেবে মনে গেঁথে নিয়েছিল সে। দুই বছর ধরে মনে মনে প্রতিশোধের ছক কষছিল ওই ছাত্র, আর সুযোগ পেতেই মরণঘাতী হামলা চালায়।

শিক্ষক মহলে উদ্বেগের ছায়া
এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন শিক্ষক সংগঠন তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং গুরুজনদের প্রতি এমন অমানবিক আচরণ সমাজকে কোন দিকে ঠেলে দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করেছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।

নিছকই এক বকুনি থেকে এমন ভয়াবহ হামলার ঘটনা এখন গোটা জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।