মাঝপথেই চমক দিল্লির! ডাকেটের পরিবর্ত হিসেবে আইপিএলে এন্ট্রি পাক বংশোদ্ভূত তারকার, চেনেন কি এই স্পিনারকে?

আইপিএলের মাঝপথেই বড়সড় বদল দিল্লি ক্যাপিটালস শিবিরে। ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেওয়া ইংরেজ ব্যাটার বেন ডাকেটের পরিবর্ত খুঁজে নিল ফ্র্যাঞ্চাইজিটি। ডাকেটের বদলে তাঁরই জাতীয় দলের সতীর্থ, ২১ বছর বয়সী তরুণ তুর্কি রেহান আহমেদকে দলে নেওয়ার কথা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল দিল্লি।

৭৫ লাখে দিল্লির ‘টাইগার’ রেহান
জন্ম ইংল্যান্ডে হলেও রেহান আহমেদের শিকড় পাকিস্তানে। আইপিএলে এই প্রথম অভিষেক হতে চলেছে এই লেগস্পিনারের। ৭৫ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে টেনে নিজেদের স্পিন বিভাগকে কার্যত ‘দুর্ভেদ্য’ করে তুলল দিল্লি ক্যাপিটালস। এখন থেকে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের সাথে জুটি বেঁধে প্রতিপক্ষকে প্যাঁচে ফেলবেন রেহান। জাতীয় দলের হয়ে ১৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই অলরাউন্ডার বিশ্বের বিভিন্ন লিগে (বিগ ব্যাশ, আইএলটি-২০) ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন।

ডাকেটের ওপর নেমে আসতে পারে শাস্তির খাঁড়া!
অ্যাশেজে ব্যর্থতার পর লাল বলের ক্রিকেটে মনোনিবেশ করতেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ডাকেট। তবে লিগের নতুন নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর মরশুমের মাঝপথে নাম প্রত্যাহার করলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। এর আগে হ্যারি ব্রুকও একই কারণে নির্বাসিত হয়েছেন। ফলে ডাকেটের আইপিএল ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।

কাউন্টি থেকে কোটিপতি লিগ: উচ্ছ্বসিত লেস্টারশায়ার
রেহানের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে লেস্টারশায়ার ক্রিকেট ক্লাবের হেড অব ক্রিকেট ক্লড হেন্ডারসন বলেন, “রেহান এই সুযোগ পাওয়ায় আমরা ভীষণ আনন্দিত। বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় মঞ্চে তাঁর পা রাখা আমাদের জন্য গর্বের মুহূর্ত।” পরিসংখ্যান বলছে, ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৫ উইকেটের পাশাপাশি ১,০৭১ রান রয়েছে রেহানের ঝুলিতে, যা দিল্লির লোয়ার অর্ডারে ব্যাটিং গভীরতাও বাড়াবে।

Saheli Saha
  • Saheli Saha