ভারতের ১০০ জন উদীয়মান নেতাকে স্বীকৃতি! নীতা আম্বানি ও জেসিকা সিবলির হাত ধরে দেশে এল ‘TIME100 Next’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ইতিহাসে এক নতুন মাইলফলক! প্রথমবারের মতো ভারতে আসতে চলেছে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন TIME-এর ‘TIME100 Next’ ফ্র্যাঞ্চাইজি। রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই নতুন সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘TIME100 Next India’। নিউ ইয়র্কের ঝলমলে TIME100 গালা অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এই মেগা ঘোষণা করেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা মুকেশ আম্বানি এবং টাইম-এর সিইও জেসিকা সিবলি।
কী এই ‘TIME100 Next India’?
এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ভারতের বিজ্ঞান, ব্যবসা, শিল্প, ক্রীড়া ও সমাজসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ১০০ জন উদীয়মান নেতা ও প্রতিভাকে বিশ্বের সামনে তুলে ধরবে। আগামী ২০২৬ সালের ডিসেম্বর মাসে মুম্বইয়ের আইকনিক নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই তালিকা প্রকাশ ও উদযাপন করা হবে।
ভারতের সেরাকে বিশ্বের দরবারে নিয়ে আসার অঙ্গীকার
এই উদ্যোগ প্রসঙ্গে নীতা মুকেশ আম্বানি বলেন, “ভারতের ভবিষ্যৎ গড়তে আগামী প্রজন্মের প্রতিভাকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। বিশ্বের সেরা জিনিস ভারতে এবং ভারতের সেরা জিনিস বিশ্বের কাছে পৌঁছে দিতে রিলায়েন্স ও TIME-এর এই জোট গর্বের।”
অন্যদিকে, জেসিকা সিবলি জানান যে, বিশ্বজুড়ে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম নেতাদের একত্রিত করার লক্ষ্যেই ভারতে এই উদ্যোগ সম্প্রসারণ করা হয়েছে।
একনজরে রিলায়েন্স ও TIME-এর সাফল্য:
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ: ২০২৫ সালের ফর্চুন গ্লোবাল ৫০০ তালিকায় ৮৮তম স্থানে থাকা রিলায়েন্স ভারতের বৃহত্তম বেসরকারি সংস্থা।
TIME: ১০৩ বছরের পুরনো এই আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিশ্বের ১২ কোটিরও বেশি পাঠকের কাছে বিশ্বস্ত।
আগামী কয়েক মাসের মধ্যে এই তালিকার মনোনয়ন ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। ভারতের তরুণ প্রজন্মের জন্য এটি যে এক বিশাল বড় সুযোগ, তা বলাই বাহুল্য।